সোমালিয়ায় হাইজ্যাক হওয়া তেলের ট্যাঙ্কারে জলদস্যুদের হামলা, নিহত ৫ নাবিকের মধ্যে ভারতীয়
মোগাদিশু:
সোমালিয়ায় হাইজ্যাক হওয়া একটি তেলের ট্যাঙ্কার উদ্ধার অভিযানের আগেই পাঁচ নাবিককে হত্যা করেছে জলদস্যুরা। নিহতদের মধ্যে একজন ভারতীয় নাবিকও রয়েছেন। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে পুন্টল্যান্ড মেরিটাইম পুলিশ ফোর্স (PMPF)।
পালাউয়ের পতাকাবাহী MT Honor 25 নামের ট্যাঙ্কারটি সোমালিয়ার রাজধানী মোগাদিশুর দিকে যাচ্ছিল। জাহাজটিতে প্রায় ১৮ হাজার ৫০০ ব্যারেল জ্বালানি ছিল। মোট ১৭ জন কর্মীর মধ্যে অধিকাংশই পাকিস্তানের নাগরিক। তাঁদের পাশাপাশি ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ভারত ও মায়ানমারের নাবিকও ছিলেন।
গত ২১ এপ্রিল জলদস্যুদের একটি দল জাহাজটি হাইজ্যাক করে। এরপর থেকে সেটি তাদের নিয়ন্ত্রণে ছিল। মঙ্গলবার জাহাজটি উদ্ধারে অভিযান শুরু করে PMPF। তবে অভিযান শুরুর আগেই পাঁচ কর্মীকে হত্যা করে জলদস্যুরা।
PMPF সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, বন্দর বেলা জেলার ধারিন-বার উপকূলের কাছে অভিযান চালিয়ে জাহাজটি উদ্ধার করা হয়েছে। ঘটনায় ১৬ জন সন্দেহভাজন জলদস্যুকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। উদ্ধার হওয়া জাহাজটি বর্তমানে পুন্টল্যান্ড সরকারের নিরাপত্তা হেফাজতে রয়েছে।
অন্যদিকে, একই দিনে জলদস্যুদের কবল থেকে মুক্তি পেয়েছে MT Eureka নামে টোগোর পতাকাবাহী আরেকটি জাহাজ। জাহাজটিতে চার ভারতীয়-সহ মোট ১২ জন কর্মী ছিলেন। তাঁদের অক্ষত অবস্থায় মুক্তি দেওয়া হয়েছে। তবে যাওয়ার আগে জাহাজটির বেশ কয়েকটি অংশে আগুন ধরিয়ে দেয় জলদস্যুরা।
জানা গিয়েছে, গত ২ মে ইয়েমেনের কানা বন্দরের কাছে MT Eureka-কে হাইজ্যাক করা হয়েছিল। জাহাজটিতে প্রায় ২০ হাজার ৪০০ ব্যারেল জ্বালানি ছিল। জলদস্যুরা জাহাজটির নিয়ন্ত্রণ নেওয়ার পর ভিতরে থাকা একাধিক পণ্য বিক্রি ও পাচার করে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
একই সময়ে দুটি হাইজ্যাক করা জাহাজকে ঘিরে এই ঘটনাগুলি সোমালিয়া ও আশপাশের জলসীমায় নাবিকদের নিরাপত্তা এবং জলদস্যুদের তৎপরতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।