গোমাতা পুজোয় উপস্থিত মুসলিম প্রতিনিধিরা! গোমাতার পায়ে একসঙ্গে প্রণাম করলেন ইকবাল-আফজলরা, ডানলপে সম্প্রীতির অন্য ছবি

Story by  Tarun Nandi | Posted by  Aparna Das • 18 h ago
গোমাতা পুজোয় উপস্থিত মুসলিম প্রতিনিধিরা! গোমাতার পায়ে একসঙ্গে প্রণাম করলেন ইকবাল-আফজলরা, ডানলপে সম্প্রীতির অন্য ছবি
গোমাতা পুজোয় উপস্থিত মুসলিম প্রতিনিধিরা! গোমাতার পায়ে একসঙ্গে প্রণাম করলেন ইকবাল-আফজলরা, ডানলপে সম্প্রীতির অন্য ছবি
 
তরুণ নন্দী / কলকাতা

গোমাতা পুজোয় সম্প্রীতির ছবি। গোমাতাকে একসঙ্গে হিন্দু-মুসলিম সকলেই পায়ে হাত দিয়ে প্রণাম জানালেন। গোমাতার পুজোতে ইকবাল-আফজলদের উপস্থিতিতে ধর্মের গণ্ডি পেরিয়ে উঠে উঠল সহাবস্থানের বার্তা। উত্তর ২৪ পরগনার ডানলপে উত্তরপ্রদেশ-রাজস্থান-বিহারের ধাঁচে গো মাতা পুজোর আয়োজন হল শ্রীশ্রী মা ঈশ্বর পীঠ ও সেবাশ্রমে। এলাকার মানুষ অবশ্য ঈশ্বর মন্দির বলেই চেনেন৷ তাৎপর্যপূর্ণ ভাবে এই গোমাতার পুজোয় অংশ নিলেন মুসলিম সমাজের প্রতিনিধিরাও৷

ধূপের গন্ধ আর মন্ত্রোচ্চারণে গোমাতার পুজোর আয়োজন ঘিরে তৈরি হয়েছিল উৎসবের পরিবেশ। পুজোয় ভক্তদের ভিড় উপচে পড়েছিল। দেখা গেল, গোমাতার পায়ে প্রণাম করছেন হিন্দুদের পাশাপাশি মুসলিম সমাজের প্রতিনিধিরাও। এই সম্প্রীতির ছবিটাই যেন ডানলপের ঈশ্বর মন্দিরে হয়ে উঠল আলোচনার কেন্দ্রবিন্দু।
 
গো মাতার পুজো
 
উত্তর ২৪ পরগনার ডানলপের শ্রীশ্রী মা ঈশ্বর পীঠ ও সেবাশ্রমে রাষ্ট্রীয় গো-রক্ষা বাহিনীর গো-সেবা সংঘের উদ্যোগে মহা ধুমধামের সঙ্গে হল ‘গোমাতা পুজন’। আর সেই অনুষ্ঠানে মুসলিম প্রতিনিধিদের উপস্থিতিই যেন আলাদা করে সম্প্রীতির বার্তা তুলে ধরল। আয়োজকদের আহ্বানে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন গো-সেবা সংঘের মাইনরিটি উইংসের জাতীয় সভাপতি মহম্মদ ইকবাল ত্যাগী, মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের আহ্বায়ক আলি আফজল এবং মাইনরিটি ফোরাম ওয়েস্ট বেঙ্গলের সভাপতি ইব্রাহিম মোল্লা। উপস্থিত ছিলেন সংগঠনের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি তথা নর্থ-ইস্ট ইন্ডিয়ার ইনচার্জ বাবান ঘোষ-সহ আরও অনেকে।
 
আয়োজকদের কথায় জানা গেছে, ইকবাল ত্যাগী দিল্লি থেকে বিশেষ ভাবে অনুষ্ঠানে যোগ দিতে আসেন এখানে। মুসলিম পরিচয়ের কথা উল্লেখ করেই ইকবাল ত্যাগী জানালেন, সনাতনী রীতিতে গোমাতার পুজোয় অংশ নিতে তাঁর কোনও দ্বিধা নেই। এই অনুষ্ঠানে অংশ নেওয়াপ পর বিভিন্ন ধর্মের মানুষকে একসঙ্গে গো-সেবায় অংশ নিতে দেখে তিনি যে রীতিমত আনন্দিত তাও উল্লেখ করেন। একইসঙ্গে গরুর সুস্থতা কামনা করে গোচারণভূমি দখলমুক্ত করা, গরু পাচারের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও তুলেছেন তিনি। তাঁর বক্তব্যে উঠে এসেছে গো-সেবার প্রসঙ্গ। 
 

এদিন গোমাতার পুজোয় এসে ইব্রাহিম মোল্লা তুলে ধরেন, বাংলার দীর্ঘদিনের সামাজিক সহাবস্থানের প্রসঙ্গ। তিনি বলেন, মানুষে মানুষে বিভাজন সরিয়ে এদেশে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরেই একসঙ্গে বসবাস করে আসছেন। অপরাধের প্রসঙ্গে কোনও ধর্মকে না জড়িয়ে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন জানান তিনি। আয়োজক বাবান ঘোষ বলেন,  গোসেবা ও গোমাতার সম্মান রক্ষা তাঁদের সংগঠনের মূল লক্ষ্য। আর এর ব্যপ্তিকে ছড়িয়ে দিতে এই আয়োজন।
 
তবে ডানলপে গোমাতার পুজোর দিন সম্প্রীতির এই ছবির তাৎপর্য শুধু পুজোর আচারেই সীমাবদ্ধ রইল না। গোমাতার সামনে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসঙ্গে থেকে বদলের বাংলায় তুলে ধরলেন অন্য এক বার্তা। তারা বার্তা দিলেন, ধর্মের পরিচয় আলাদা হতে পারে, বিশ্বাসের পথও আলাদা হতে পারে, কিন্তু সামাজিক সহাবস্থানের জায়গাটি চাইলেই একই থাকতে পারে। তাই ডানলপের ঈশ্বর মন্দির থেকে সামনেই দৃষ্টান্ত হয়ে উঠল সম্প্রীতির এই ছবিটা। গোমাতার পায়ে হিন্দু-মুসলিম সকল ব্যক্তিত্বের একসঙ্গে প্রণামের ছবিটাই যেন হয়ে উঠল দিনের অন্যতম আলোচিত মুহূর্ত।