নেপাল ঃ
বিশ্বের সর্বোচ্চ পর্বত এভারেস্টে ২০২৬ সালে রেকর্ডসংখ্যক পর্বতারোহীর সফল আরোহন সম্পন্ন হয়েছে। নেপাল সরকারের পর্যটন বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরে মোট ১০০৮ জন অভিযাত্রী এভারেস্টের চূড়ায় পৌঁছেছেন, যা এক বছরে সর্বোচ্চ সফল আরোহনের নতুন ইতিহাস তৈরি করেছে।
৮৮৪৯ মিটার বা প্রায় ২৯ হাজার ৩২ ফুট উচ্চতার এভারেস্ট নেপাল ও চীনের তিব্বত সীমান্তজুড়ে বিস্তৃত। তবে অধিকাংশ অভিযাত্রী নেপাল দিক দিয়ে আরোহণ করেন। ১৯৫৩ সালে নিউজিল্যান্ডের পর্বতারোহী এডমন্ড হিলারি এবং নেপালের তেনজিং নোরগে প্রথমবার সফলভাবে এভারেস্ট জয় করেন, যা পর্বতারোহণ ইতিহাসে যুগান্তকারী ঘটনা হিসেবে বিবেচিত।২০১৯ সালে সর্বোচ্চ ৮৭২ জন শিখরে পৌঁছেছিলেন, সেই রেকর্ড এবার ভেঙে গেছে।
পর্যটন বিশেষজ্ঞরা বলছেন, এপ্রিল ও মে মাস এভারেস্ট অভিযানের জন্য সবচেয়ে উপযোগী সময়। এই সময় আবহাওয়া তুলনামূলক স্থিতিশীল থাকায় দুর্ঘটনার ঝুঁকি কম থাকে। নেপাল সরকার প্রতিটি অভিযাত্রীকে স্থানীয় গাইড সঙ্গে রাখার নিয়ম বাধ্যতামূলক করেছে।পর্বতারোহন গাইডরা জানিয়েছেন, আধুনিক প্রযুক্তির ব্যবহারও এখন এভারেস্ট অভিযানকে অনেক বেশি নিরাপদ ও সহজ করেছে। আবহাওয়ার তাৎক্ষণিক তথ্য পাওয়ার সুবিধার কারণে আগের তুলনায় বিপদের সম্ভাবনা কমে এসেছে।
নেপালের পর্যটন বিভাগের মহাপরিচালক রামকৃষ্ণ লামিচানে জানিয়েছেন, এ বছর অভূতপূর্ব সংখ্যক পর্বতারোহীর সাফল্য দেশের পর্বতারোহণ পর্যটন খাতে নতুন সম্ভাবনা তৈরি করেছে।