তেল-গ্যাসের দাম বাড়বে না, যুদ্ধের মধ্যেই দেশবাসীকে আশ্বাস মোদি সরকারের!

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 19 h ago
তেল-গ্যাসের দাম বাড়বে না, যুদ্ধের মধ্যেই দেশবাসীকে আশ্বাস মোদি সরকারের!
তেল-গ্যাসের দাম বাড়বে না, যুদ্ধের মধ্যেই দেশবাসীকে আশ্বাস মোদি সরকারের!
 
নয়া দিল্লিঃ
 
কেন্দ্রের তরফ থেকে পেট্রোপণ্যের দাম বাড়া নিয়ে সরকারিভাবে কোনও ঘোষণা এখনও হয়নি। তবে কূটনৈতিক মহলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, দেশীয় বাজারে পেট্রোপণ্যের দাম যেন না বাড়ে সেটা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্র। নানা পক্ষের সঙ্গে নয়াদিল্লি লাগাতার আলোচনা চালাচ্ছে যেন ভারতে তেল এবং অন্যান্য শক্তিসম্পদের যোগান অব্যাহত থাকে। সেই চেষ্টা সফল হয়েছে বলেই কেন্দ্রের দাবি। আপাতত ভারতে তেল আমদানি সংক্রান্ত বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলেই কেন্দ্র মনে করছে।
 
উল্লেখ্য, গত ৬ দিন ধরে চলা যুদ্ধে তেলের দাম হু হু করে বেড়েছে। ১৫ শতাংশ দাম বেড়েছে বলেই জানা গিয়েছে। এহেন পরিস্থিতিতে ভারতেও তেলের দাম বাড়ার আশঙ্কা ছিল। কারণ হরমুজ প্রণালী কার্যত অবরুদ্ধ। ভারতকে নিজের চাহিদার ৮৫ শতাংশের বেশি তেল বাইরে থেকে কিনতে হয়। এই আমদানির প্রায় ৫০ শতাংশই হরমুজ প্রণালী দিয়ে আসে। যদি এই আমদানি বন্ধ হয়ে যায় এবং ভারতে মজুত শক্তিসম্পদের ভাণ্ডার ফুরিয়ে যায়, তাহলে কী হবে এই নিয়ে কপালে চিন্তার ভাঁজ ছিল আমজনতার। কিন্তু কেন্দ্রের মতে, এখনই চিন্তার কারণ নেই।

আপাতত ৯৫ লক্ষ ব্যারেল রুশ তেল খুব দ্রুত ভারতের হাতে আসতে চলেছে। আগামী এক মাসে এই সংখ্যাটা আরও বাড়বে কারণ আমেরিকার তরফ থেকে ভারতকে ৩০ দিনের জন্য রুশ তেল কেনার ছাড়পত্র দেওয়া হয়েছে। এই নির্দিষ্ট সময়ে জাহাজে থাকা রুশ তেল কিনতে পারবে ভারত। তার ফলে পেট্রোপণ্য নিয়ে দেশীয় বাজারে উদ্বেগ কমতে পারে। কেন্দ্র মনে করছে, লাগাতার কূটনৈতিক দর কষাকষির ফলেই রুশ তেল কেনার সাময়িক ছাড়পত্র মিলেছে। সেই সাফল্যে ভর করেই দেশবাসীকে আশ্বাস দিতে চলেছে মোদি সরকার।