সৌদি আরবঃ
সৌদি আরবের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে দেশটিতে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। একই সঙ্গে আগামী ২৬ মে পালিত হবে পবিত্র আরাফাত দিবস। রোববার সৌদি আরবের চাঁদ দেখা কমিটি ঘোষণা দেয়।
সৌদি আরবের দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানায়, রোববার সন্ধ্যায় দেশটির বিভিন্ন অঞ্চলে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে এদিন রাত থেকেই পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে।
ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ মাসগুলোর একটি হলো জিলহজ। এই মাসেই হজ পালন ও পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়। ইসলামী শরিয়ত অনুযায়ী, জিলহজ মাসের ৯ তারিখে আরাফাত দিবস এবং ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়।
বাংলাদেশে ঈদুল আজহার তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। সোমবার জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করে ঈদের তারিখ নির্ধারণ করা হবে। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা পালিত হয়ে থাকে।
পবিত্র ঈদুল আজহা মুসলিম বিশ্বের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এই দিনে সামর্থ্যবান মুসলমানরা পশু কোরবানি করেন। একই সঙ্গে লাখ লাখ মুসল্লি সৌদি আরবের মক্কায় হজ পালন করতে সমবেত হন।