স্বামীর শেষ বিদায়ে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি দীপু মনির

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 4 h ago
স্বামীর শেষ বিদায়ে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি দীপু মনির
স্বামীর শেষ বিদায়ে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি দীপু মনির
ঢাকাঃ
 
স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুর পর ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার সকাল ৬টার পর মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে কড়া নিরাপত্তায় তাঁকে ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

জেলা প্রশাসনের অনুমোদন অনুযায়ী, সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্যারোলে থাকার সুযোগ পেয়েছেন দীপু মনি। এই সময়ে তিনি স্বামীর মরদেহ শেষবারের মতো দেখা, জানাজা ও দাফনে অংশ নিতে পারবেন।

দীপু মনির পরিবারের পক্ষ থেকে প্রথমে চার দিনের প্যারোলের আবেদন করা হয়েছিল। তবে প্রশাসন ১২ ঘণ্টার অনুমতি দেয় বলে তাঁর আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানিয়েছেন।

তৌফিক নেওয়াজ দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। ১৮ আগস্ট রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৬ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। তিনি পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন।

প্যারোলে মুক্তির পর দীপু মনি ঢাকার কলাবাগানে নিজের বাসভবনে পৌঁছে স্বামীর মরদেহ দেখেন। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, পরে গুলশানের আজাদ মসজিদে জানাজা এবং বনানী কবরস্থানে দাফনের আয়োজন করা হয়েছে।

স্বামীর অসুস্থতার সময় কারাগারের বাইরে গিয়ে তাঁর সঙ্গে দেখা করার অনুমতি চেয়ে একাধিকবার আবেদন করা হয়েছিল বলে তাঁর আইনজীবী জানিয়েছেন। এবার মৃত্যুর পর শেষ বিদায়ে অংশ নেওয়ার সুযোগ পেলেন দীপু মনি।


শেহতীয়া খবৰ