গুয়াহাটি:
অসমে প্রবেশের পথে ১৭ জন কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে এক বার্তায় মুখ্যমন্ত্রী জানান, অসম পুলিশের সতর্ক ও সক্রিয় তৎপরতায় ভোররাতে ওই ১৭ জনকে শনাক্ত করে ভারতে প্রবেশ করতে বাধা দেওয়া হয়।
হিমন্ত বিশ্বশর্মা বলেন, “বৈধভাবে যারা আসবেন, তাঁদের জন্য আমাদের দরজা খোলা। কিন্তু অবৈধভাবে প্রবেশকারীদের ক্ষেত্রে একটাই পথ—ফিরিয়ে দেওয়া।”তবে ওই ১৭ জনকে রাজ্যের কোন সীমান্ত এলাকা থেকে আটক করা হয়েছে, সে বিষয়ে মুখ্যমন্ত্রী বিস্তারিত জানাননি।
অসমে শ্রীভূমিতে একটি সমন্বিত চেকপোস্ট এবং মানকাচরে একটি স্থল শুল্ককেন্দ্র রয়েছে। এর আগে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, অসমকে অনুপ্রবেশমুক্ত রাখতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ।