শান্তিপুরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা, বাংলাদেশি যুবক আটক

Story by  Tarun Nandi | Posted by  Sudip sharma chowdhury • 21 h ago
শান্তিপুরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা, বাংলাদেশি যুবক আটক
শান্তিপুরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা, বাংলাদেশি যুবক আটক

তরুণ নন্দী, শান্তিপুর:

গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে শান্তিপুরের গোবিন্দপুর এলাকা থেকে এক বাংলাদেশি যুবককে আটক করেছে শান্তিপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে ওই যুবককে জিজ্ঞাসাবাদ করা হয়। পরিচয় ও প্রয়োজনীয় নথিপত্র সম্পর্কে জানতে চাইলে তাঁর কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে বলে পুলিশের দাবি। এরপরই তাঁকে আটক করা হয়।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে ওই যুবক নিজের নাম রাজিব ফকির, বয়স ৩৩ বছর বলে জানায়। সে বাংলাদেশের গাজীপুর জেলার কালিগঞ্জ থানার বড়দা হিন্দি ফকিরবাড়ি এলাকার বাসিন্দা বলেও পুলিশকে জানিয়েছে।

পুলিশ সূত্রে আরও দাবি, ২০২০ সালে করোনা পরিস্থিতির সময় সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল ওই যুবক। প্রথমে উত্তর ২৪ পরগনার বনগাঁ এলাকায় থাকার পর পরবর্তীতে শান্তিপুরে চলে আসে বলে তদন্তকারীদের কাছে জানিয়েছে সে।

বর্তমানে ওই যুবককে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি, আইন অনুযায়ী তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক পদক্ষেপও করা হবে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাকে কেন্দ্র করে শান্তিপুরের গোবিন্দপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে যুবকের ভারতে প্রবেশ ও অবস্থান সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে পুলিশ।



শেহতীয়া খবৰ