বাংলাদেশের নৌবাহিনী ভারতের আন্তর্জাতিক নৌ মহড়ায় অংশ নিল

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 1 d ago
প্রতিনিধিত্বমূলক ছবি
প্রতিনিধিত্বমূলক ছবি
 
অন্ধ্রপ্রদেশ, বিশাখাপত্তম ঃ
 
ভারতের অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তমে আয়োজিত আন্তর্জাতিক নৌ মহড়ায় অংশ নিয়েছে বাংলাদেশসহ বিশ্বের ৭০টি দেশের নৌবাহিনী। বুধবার অনুষ্ঠিত এ মহড়ায় বিভিন্ন দেশের যুদ্ধজাহাজ ও নৌসেনারা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বাংলাদেশের নৌবাহিনী নিজেদের ফ্রিগেট যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’ মহড়ায় অংশ নিতে পাঠায়। ১৬ ফেব্রুয়ারি জাহাজটি ভারতে পৌঁছায়।
বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডসহ বিভিন্ন দেশ তাদের এক বা একাধিক যুদ্ধজাহাজ পাঠায়। ইন্দোনেশিয়ার নৌবাহিনীর ফ্রিগেট কেআরআই বুং তোমো-৩৫৭ এবং সংযুক্ত আরব আমিরাতের আল ইমারাত মহড়ায় অংশ নেয়। ভারতের পক্ষ থেকে অংশ নেয় বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত।

মহড়া শুরুর আগে বক্তব্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, এ আয়োজন সামুদ্রিক ঐতিহ্যের প্রতি বিভিন্ন দেশের আস্থা, ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধার প্রতিফলন। ভিন্ন পতাকাবাহী জাহাজ ও নৌসেনাদের উপস্থিতি ঐক্যের চেতনাকে তুলে ধরছে। তিনি বলেন, সামুদ্রিক ঐক্যই এ মহড়ার মূল প্রতিপাদ্য এবং সম্মিলিত সংকল্প যেকোনো বাধা অতিক্রম করতে সক্ষম।

আন্তর্জাতিক সমুদ্র নীতিতে ভারতের অবস্থান তুলে ধরে তিনি বলেন, সমুদ্রে শান্তি, স্থিতিশীলতা ও সহযোগিতা বজায় রাখতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। আন্তর্জাতিক সম্পর্কে ভারত ‘বিশ্ব পরিবার’ ধারণায় বিশ্বাস করে এবং সামুদ্রিক নিরাপত্তা ও স্থায়িত্ব নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতাকেই গুরুত্বপূর্ণ মনে করে।