ঢাকা ঃ
ঢাকা নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশ-ভারত সম্পর্ককে আরও গভীর করার আহ্বান জানিয়েছেন। তিনি বৃহস্পতিবার রাতে ঢাকার রামকৃষ্ণ মঠ ও মিশনে ‘শ্রীরামকৃষ্ণের বিশ্বজনীনতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান।
সভা আয়োজিত হয় শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ১৯১তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে, এবং এ উপলক্ষে মঙ্গলবার থেকে চারদিনব্যাপি নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।
প্রণয় ভার্মা আরও বলেন, বিশ্ব যখন বিভাজন ও মেরুকরণের সঙ্গে লড়াই করছে, তখন শ্রীরামকৃষ্ণের শিক্ষা আমাদেরকে মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে মানবতার কল্যাণে কাজ করতে, শান্তি ও বোঝাপড়ার ভবিষ্যৎ গড়তে আহ্বান করে। তিনি উল্লেখ করেন, শ্রীরামকৃষ্ণের দর্শন সত্যিকারের ধর্মকে গ্রহণ, সমন্বয় ও অন্তর্ভুক্তির মধ্যে দেখে; বিচ্ছেদ, বর্জন ও প্রত্যাখ্যান নয়। ধর্মের প্রকৃত অর্থ হলো অপরের জন্য সেবা, ভালোবাসা এবং সম্প্রীতি, ঘৃণা ও বিভেদ নয়।
সভায় উপস্থিত ছিলেন ঢাকার রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক মো. নুরুজ্জামান, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. শিঞ্জিনী সরকার প্রমুখ।
সভায় বক্তারা শ্রীরামকৃষ্ণের দর্শন ও আধ্যাত্মিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের প্রসার প্রয়োজনীয় বলে অভিমত প্রকাশ করেন।