আইএসের বিরুদ্ধে মার্কিন বিমান হামলাকে স্বাগত জানাল অস্ট্রেলিয়া

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 1 Months ago
আইএসের বিরুদ্ধে মার্কিন বিমান হামলাকে স্বাগত জানাল অস্ট্রেলিয়া
আইএসের বিরুদ্ধে মার্কিন বিমান হামলাকে স্বাগত জানাল অস্ট্রেলিয়া

মেলবোর্নঃ

সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিমান হামলাকে সমর্থন জানিয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার আলবানিজ সরকার বলছে, এই আইএস সংগঠন থেকেই গত ডিসেম্বর বন্ডিতে সংঘটিত সন্ত্রাসী হামলার অনুপ্রেরণা এসেছিল।

রোববার অস্ট্রেলিয়ান ইস্টার্ন ডে-লাইট টাইম অনুযায়ী যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, তারা মিত্র বাহিনীর সহায়তায় সিরিয়ার বিভিন্ন স্থানে ইসলামিক স্টেটের একাধিক ঘাঁটিতে বড় পরিসরে বিমান হামলা চালিয়েছে। এ সময় আইএসের লক্ষ্যবস্তুতে হামলার ভিডিও ফুটেজও প্রকাশ করা হয়, যেখানে একাধিক স্থাপনা ধ্বংস হতে দেখা যায়।

এই অভিযানের প্রতিক্রিয়ায় অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে স্বাগত জানান। তিনি বলেন, আইএস একটি চরমপন্থী ও সহিংস সংগঠন, যারা অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে ভয়াবহ সহিংসতার জন্য দায়ী।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় পেনি ওং বলেন, সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও তাদের অংশীদারদের সর্বশেষ হামলাকে অস্ট্রেলিয়া সমর্থন করে। তিনি আরও বলেন, আইএস একটি উগ্রবাদী সংগঠন, যার সহিংস কর্মকাণ্ড অস্ট্রেলিয়াতেও প্রাণহানির কারণ হয়েছে। এই সংগঠনকে পরাজিত করতে এবং তাদের ঘৃণাভিত্তিক আদর্শ প্রত্যাখ্যান করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এর আগে বন্ডিতে সংঘটিত হামলাটিকে ‘আইএস অনুপ্রাণিত নৃশংসতা’ বলে উল্লেখ করেন। গোয়েন্দা সংস্থার তদন্তে সন্দেহভাজন সাজিদ ও নাভিদ আক্রমের সংশ্লিষ্টতার তথ্য উঠে আসে বলে জানান তিনি।

ওই ঘটনায় বাবা ও ছেলের বিরুদ্ধে একটি চানুকা সমাবেশে গুলি চালিয়ে ১৫ জনকে হত্যা এবং আরও বহু মানুষকে আহত করার অভিযোগ রয়েছে।