ইফতার এবং বয়স্কদের ভাতা ইমামদের সম্মাননা অনুষ্ঠান; বক্সনগরে সম্প্রীতির বার্তা
Story by Nurul Haque | Posted by Sudip sharma chowdhury • 4 h ago
ইফতার এবং বয়স্কদের ভাতা ইমামদের সম্মাননা অনুষ্ঠান; বক্সনগরে সম্প্রীতির বার্তা
নূরুল হক, আগরতলাঃ
সিয়াম সাধনার মাস মাহে রমজানের ২০ তম দিনে সোমবার বক্সনগরে অনুষ্ঠিত হলো হিন্দু মুসলিম সম্মিলিত ইফতার পার্টি। ইফতার পার্টি অনুষ্ঠানে এলাকার ইমামদের বিশেষভাবে সম্মান জানানোর পাশাপাশি বয়স্ক এবং বিধবাদের হাতে ভাতা তুলে দিলেন বিধায়ক। অনুষ্ঠানকে কেন্দ্র করে সম্প্রীতির উৎসবের রূপ নিয়েছিল বক্সনগর ডাকবাংলা মাঠ ।
বিধায়ক তোফাজ্জল হোসেনের ইমামদের রমজান উপলক্ষে বিশেষ সম্মান
এদিন ত্রিপুরার বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তোফাজ্জল হোসেনের উদ্যোগে অনুষ্ঠিত হয় ইফতার পার্টি। বক্সনগর ডাকবাংলা মাঠে অনুষ্ঠিত ইফতার পার্টিতে সর্ব ধর্মের লোকেদের এবং বিধানসভার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি সহ একাধিক প্রশাসনিক আধিকারিক উপস্থিত ছিলেন।
ইফতারের পাশাপাশি এই অনুষ্ঠানে বিধায়ক এলাকার ইমামদের রমজান উপলক্ষে বিশেষভাবে সম্মান জানিয়েছেন। আইসিডিএস প্রকল্পে বিধবা এবং বৃদ্ধদের হাতে ভাতা প্রদান করা হয়। একইভাবে বালিকা সমৃদ্ধি যোজনায় সুবিধাভোগীদের হাতে টাকা তুলে দেওয়া হয়। প্রশাসনিক কর্মসূচির পাশাপাশি ইফতারের আয়োজন অনুষ্ঠানকে এক ভিন্নমাত্রা দিয়েছিল। খোলা আকাশের নিচে উন্মুক্ত মাঠে একসঙ্গে হিন্দু মুসলিম এবং জনজাতি অংশের লোকেরা অনুষ্ঠান শেষে ইফতারে অংশ নেন।
সন্ধ্যায় মসজিদের মাইকে মাগরিবের আজানের সুর ভেসে আসতেই মুসলিম রোজাদারদের সাথে জল এবং খেজুর মুখে নিয়ে ইফতার শুরু করেন উপস্থিত অন্য ধর্মাবলম্বী লোকজন। এই অনুষ্ঠান প্রশাসনিক সুবিধাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার পাশাপাশি সু ভ্রাতৃত্ব এবং সম্প্রীতির বার্তা হিসেবে ছড়িয়ে পড়বে বলেই বিধায়ক তোফাজ্জল হোসেন আশা ব্যক্ত করেছেন।