নিজেদের শক্তিশালী করতে শিক্ষার মাধ্যমে জ্ঞান অর্জন করতে হবে সংখ্যালঘুদের: মুখ্যমন্ত্রী ডাক্তার সাহা
Story by Nurul Haque | Posted by Aparna Das • 2 h ago
নিজেদের শক্তিশালী করতে শিক্ষার মাধ্যমে জ্ঞান অর্জন করতে হবে সংখ্যালঘুদের: মুখ্যমন্ত্রী ডাক্তার সাহা
নূরুল হক / আগরতলা
কথায় নয়, কাজের মাধ্যমেই সাবকা সাথ সাবকা বিকাশ এবং সবকা বিশ্বাস অর্জন করছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন দেশের সরকার। দেশের সাথে রাজ্যেও এই নীতিতে চলছে সার্বিক বিকাশের কাজ। তাই বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে পিছিয়ে থাকা সংখ্যালঘুদের শিক্ষা এবং আর্থসামাজিকভাবে সামনের সারিতে আনার চেষ্টা হচ্ছে।
মঙ্গলবার আগরতলা প্রজ্ঞা ভবনে মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী সংখ্যালঘু মুসলিম অংশের নাগরিকদের নিজেদের শক্তিশালী করতে শিক্ষার মাধ্যমে জ্ঞান অর্জনের আহ্বান রেখেছেন।
তিনি বলেন বৈচিত্রের মধ্যে ঐক্য আমাদের দেশের ঐতিহ্য। আমাদের দেশের মুসলিম সম্প্রদায় জন্মগতভাবে এবং ঐতিহ্যগতভাবে কিছু বিশেষ সংস্কৃতিপ্রাপ্ত। সেটা অন্য সম্প্রদায়ের লোকেরা পারে না। আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সেগুলি রক্ষা করতে চাইছেন। রাজ্য সরকারের সেই পথে সংখ্যালঘুদের কৃষ্টি এবং সংস্কৃতি রক্ষা করতে কাজ করছে।
মুখ্যমন্ত্রী বলেন এনআরসির মাধ্যমে দেশের নাগরিকদের নিরাপত্তার স্বার্থে অনুপ্রবেশকারীদের আটকাতে চাইছে সরকার। কিন্তু এতে করে আমাদের দেশের মুসলিমদের নিরাপত্তার কোন সমস্যা নেই। আমাদের দেশে মুসলিমরা সম্পূর্ণ সুরক্ষিত আছেন।
তিনি বলেন বিজেপি সরকার গঠনের পর দেশে দাঙ্গা হচ্ছে না এবং কেন্দ্র এবং রাজ্য সরকার কোন অবস্থাতেই সাম্প্রদায়িক হিংসা বরদাস্ত করবে না। এসবের বিরুদ্ধে সমস্ত অংশের নাগরিকদের সজাগ থাকার আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার আগরতলা প্রজ্ঞা ভবনে 'মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প' -র উদ্বোধন সভায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা
মুখ্যমন্ত্রী বলেন শিক্ষা এবং অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে থাকা সংখ্যালঘু নাগরিকদের সামনের সারিতে এগিয়ে আনতে এই ধরনের বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে সরকার। "মুখ্যমন্ত্রীর সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প" বাস্তবায়নের মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উন্নয়নের পথ আরও সুগম হবে এবং তাদের সার্বিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেছেন।
এদিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৫ শত সংখ্যালঘু পরিবারের হাতে ১০ হাজার টাকা করে তুলে দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন স্বনির্ভর উদ্যোগের ঋণ প্রকল্পে ১১ জনের হাতে ১৬ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়ক তফাজ্জল হোসেন সহ অন্যান্য সংখ্যালঘু নেতৃত্ব উপস্থিত ছিলেন।