পশ্চিম এশিয়ার উত্তেজনার মাঝে রিয়াধে অজিত ডোভাল, সৌদি নেতৃত্বের সঙ্গে কূটনৈতিক বৈঠক

Story by  atv | Posted by  Aparna Das • 6 h ago
পশ্চিম এশিয়ার উত্তেজনার মাঝে রিয়াধে অজিত ডোভাল, সৌদি নেতৃত্বের সঙ্গে কূটনৈতিক বৈঠক
পশ্চিম এশিয়ার উত্তেজনার মাঝে রিয়াধে অজিত ডোভাল, সৌদি নেতৃত্বের সঙ্গে কূটনৈতিক বৈঠক
 
রিয়াধ

পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার আবহে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল রবিবার রিয়াধ সফরে গিয়ে সৌদি আরবের বিদেশমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ এবং জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুলআজিজ বিন সালমানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন।
 
ইরানের হরমুজ প্রণালী অবরোধের জেরে বিশ্বজুড়ে তেলের সরবরাহে ওঠানামা দেখা দেওয়ায় এবং ভারত নিজের জ্বালানি উৎস বৈচিত্র্যময় করার চেষ্টা চালিয়ে যাওয়ায় এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদাপ্রাপ্ত ডোভাল সৌদি আরবের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. মুসায়েদ আল-আইবানের সঙ্গেও বৈঠক করেন। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
 
রিয়াধে ডোভালের সফর ও সৌদি নেতৃত্বের সঙ্গে তাঁর বৈঠকের ছবি ভারতের দূতাবাস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ পোস্ট করেছে।
এর আগে শুক্রবার এক গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের কূটনৈতিক বৈঠকে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের সচিব রুস্তম উমেরভের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন অজিত ডোভাল।
 
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দীর্ঘসূত্রতার প্রেক্ষাপটে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশ পারস্পরিক সহযোগিতা এবং বিভিন্ন ভূ-রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করে।
 
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, এই বৈঠক ভারত ও কিয়েভের মধ্যে চলমান নিরাপত্তা ও কৌশলগত যোগাযোগের গুরুত্বকে তুলে ধরেছে। একই সঙ্গে পূর্ব ইউরোপে দীর্ঘস্থায়ী যুদ্ধ পরিস্থিতির মধ্যেও সংলাপ বজায় রাখার ওপর জোর দেওয়া হয়েছে।
 
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ এক পোস্টে জয়সওয়াল জানান, ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের সচিব রুস্তম উমেরভ ১৭ এপ্রিল ২০২৬-এ অজিত ডোভালের সঙ্গে সাক্ষাৎ করেন।
তিনি আরও জানান, বৈঠকে দুই দেশের সম্পর্ক পর্যালোচনা করা হয় এবং রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে আলোচনা হয়। ডোভাল শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে আলোচনা ও কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধানে ভারতের নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করেন।
 
এছাড়াও সংঘাতের ফলে বিশ্ব নিরাপত্তা, জ্বালানি সরবরাহ এবং খাদ্য নিরাপত্তার ওপর যে প্রভাব পড়ছে, তা নিয়েও দুই পক্ষ আলোচনা করে। বর্তমানে এই যুদ্ধ চতুর্থ বছরে প্রবেশ করেছে।