ভারত মহাসাগরে নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির ডাক অজিত ডোভালের

Story by  PTI | Posted by  Sudip sharma chowdhury • 7 h ago
ভারত মহাসাগরে নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির ডাক অজিত ডোভালের
ভারত মহাসাগরে নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির ডাক অজিত ডোভালের
নয়াদিল্লি: 
 
ভারত মহাসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান নিরাপত্তা হুমকি মোকাবিলায় সংশ্লিষ্ট দেশগুলির সঙ্গে যৌথ সক্ষমতা বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত। বুধবার মালদ্বীপের রাজধানী মালেতে আয়োজিত অষ্টম কলম্বো সিকিউরিটি কনক্লেভে (সিএসসি) এমনটাই জানালেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।

এদিন সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ভারত মহাসাগরীয় অঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ নিরাপত্তা চ্যালেঞ্জের কথা তুলে ধরেন ডোভাল। এই সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলায় সদস্য দেশগুলির মধ্যে আরও গভীর কৌশলগত সহযোগিতা গড়ে তোলার আহ্বান জানান তিনি।

ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মরিশাস, বাংলাদেশ এবং সেশেলসকে নিয়ে গঠিত কলম্বো সিকিউরিটি কনক্লেভ ভারত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ নিরাপত্তা মঞ্চ হিসেবে উঠে এসেছে। সামুদ্রিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন এবং আন্তঃদেশীয় নিরাপত্তা সহযোগিতার উপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকে এই সংগঠন।

ডোভাল বলেন, “কলম্বো সিকিউরিটি কনক্লেভ আমাদের ‘প্রতিবেশী প্রথম’ নীতি এবং ‘মহাসাগর’ (MAHASAGAR) দৃষ্টিভঙ্গির সম্মিলিত প্রতিফলন। ক্রমবর্ধমান গুরুতর নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সদস্য দেশগুলির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।”

গত বছরের মার্চে মরিশাস সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘গ্লোবাল সাউথ’-এর দেশগুলির সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করতে ‘মহাসাগর’ নীতির ঘোষণা করেছিলেন। এই নীতির মূল লক্ষ্য বিভিন্ন অঞ্চলের মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সামগ্রিক নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করা।

ডোভাল আশাপ্রকাশ করেন, ভারত মহাসাগরীয় অঞ্চলে যৌথ নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিন্ন স্বার্থ রক্ষার ক্ষেত্রে কলম্বো সিকিউরিটি কনক্লেভ একটি কার্যকর মঞ্চ হয়ে উঠবে।

তিনি আরও বলেন, “শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং অন্যান্য দেশের সঙ্গে ভারত ঘনিষ্ঠভাবে কাজ করে চলেছে। আমরা চাই, এই সহযোগিতা আরও বিস্তৃত হোক। কলম্বো সিকিউরিটি কনক্লেভ গঠনের অন্যতম উদ্যোগী দেশ হিসেবে ভারত প্রয়োজনীয় সব ধরনের সাহায্য ও সহযোগিতা প্রদান করবে।”

২০২০ সালে ভারত, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ সামুদ্রিক সহযোগিতা সংক্রান্ত ত্রিপাক্ষিক বৈঠকের পরিধি ও সদস্যসংখ্যা বৃদ্ধিতে সম্মত হওয়ার পর কলম্বো সিকিউরিটি কনক্লেভ প্রতিষ্ঠিত হয়।

বর্তমানে এই নিরাপত্তা মঞ্চ পাঁচটি প্রধান ক্ষেত্রে সহযোগিতার উপর গুরুত্ব দিচ্ছে—সামুদ্রিক সুরক্ষা ও নিরাপত্তা, সন্ত্রাসবাদ ও উগ্রপন্থা মোকাবিলা, পাচার ও আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ দমন, সাইবার নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ পরিকাঠামোর সুরক্ষা এবং মানবিক সহায়তা ও বিপর্যয় মোকাবিলা।


শেহতীয়া খবৰ