দুই বছরেরও বেশি সময় ভারতে নির্বাসিত জীবন কাটানোর পর এবার বাংলাদেশে ফেরার নির্দিষ্ট দিনক্ষণ জানালেন ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১৬ ডিসেম্বর, বাংলাদেশের বিজয় দিবসেই দেশে ফিরতে চান আওয়ামী লীগ সভানেত্রী। তবে তাঁর প্রত্যাবর্তনের পরিকল্পনা ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে বাংলাদেশে। দেশে ফিরলেই তাঁকে গ্রেপ্তার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ সরকার।
সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে জানা গিয়েছে, হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি জানিয়েছেন, দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য বাংলাদেশ সরকারের কাছে বিমান পরিবহনের ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। পাশাপাশি দেশে ফেরার জন্য প্রয়োজনীয় পাসপোর্ট ও নথিপত্রের ব্যবস্থাও চেয়েছেন তিনি।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের জেরে ক্ষমতা হারিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তারপর থেকেই একাধিকবার দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করলেও এই প্রথম প্রত্যাবর্তনের নির্দিষ্ট তারিখ সামনে এল।
মৃত্যুদণ্ডের খাঁড়া, ফিরলেই গ্রেপ্তার
২০২৫ সালের নভেম্বরে মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের সাজা দেয়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে ওই রায় প্রত্যাখ্যান করেছেন হাসিনা। অন্যদিকে, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের অবস্থান, প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে।
এদিকে, হাসিনার দেশে ফেরার দাবিতে ইতিমধ্যেই আন্দোলনে নেমেছেন আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা। গত ১৯ নভেম্বর দেশব্যাপী লকডাউন কর্মসূচির ডাক দিয়েছিল দলটি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন এলাকায় অশান্তি ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
কেন ১৬ ডিসেম্বরকেই বেছে নিলেন হাসিনা?
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অবসান ঘটে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অর্জিত সেই বিজয়ের স্মরণে দিনটি পালিত হয় বিজয় দিবস হিসেবে। ফলে মুজিব-কন্যার প্রত্যাবর্তনের জন্য এই দিন নির্বাচন বিশেষ রাজনৈতিক ও প্রতীকী তাৎপর্য বহন করছে।
নজরে ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক
হাসিনার প্রত্যর্পণ নিয়ে ইতিমধ্যেই নয়াদিল্লির কাছে আবেদন জানিয়েছে ঢাকা। দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি কার্যকর করার দাবি জানিয়েছে বাংলাদেশ সরকার। তবে হাসিনাকে ফেরাতে বিমান পাঠানোর বিষয়ে এখনও পর্যন্ত ভারতের সঙ্গে কোনও আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী।
এই পরিস্থিতিতে আগামী ১৬ ডিসেম্বর সত্যিই বাংলাদেশের মাটিতে পা রাখতে পারবেন কি শেখ হাসিনা? নাকি আইনি ও কূটনৈতিক জটিলতায় আটকে যাবে তাঁর প্রত্যাবর্তন? আপাতত সেদিকেই নজর দুই দেশের রাজনৈতিক মহলের।