ধূপগুড়ি:
মঙ্গলবার সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ-সহ বিস্তীর্ণ অঞ্চল। আচমকা কম্পন অনুভূত হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) সূত্রে জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপালের কোশি অঞ্চল। ভূপৃষ্ঠ থেকে প্রায় ২০ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।
উত্তরবঙ্গ ছাড়াও নেপাল, ভুটান, সিকিম এবং বিহারের একাধিক এলাকায় কম্পন অনুভূত হয়েছে। জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় ভূমিকম্পের জেরে আতঙ্কিত হয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন বহু বাসিন্দা। বিহারের সমস্তিপুরেও প্রায় দুই সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে।
সাতসকালের এই ভূমিকম্পে সংশ্লিষ্ট এলাকাগুলিতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখনও পর্যন্ত কোনও হতাহত কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।