‘সোনার সাম্রাজ্য’-এর হদিস! তৃণমূল নেত্রীর বাড়িতে হানা, উদ্ধার প্রায় ৩ কেজি সোনা; কোটি কোটি টাকার লেনদেনে নতুন রহস্য

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 8 h ago
‘সোনার সাম্রাজ্য’-এর হদিস! তৃণমূল নেত্রীর বাড়িতে হানা, উদ্ধার প্রায় ৩ কেজি সোনা; কোটি কোটি টাকার লেনদেনে নতুন রহস্য
‘সোনার সাম্রাজ্য’-এর হদিস! তৃণমূল নেত্রীর বাড়িতে হানা, উদ্ধার প্রায় ৩ কেজি সোনা; কোটি কোটি টাকার লেনদেনে নতুন রহস্য
 
কলকাতা: 

তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন বিধায়ক ও তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে ঘিরে তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য। এবার তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত নদিয়া জেলা পরিষদের সদস্য ও তৃণমূল নেত্রী টিনা ভৌমিক সাহার বাড়িতে পুলিশি অভিযানে উদ্ধার হল প্রায় ৩ কেজি সোনার গয়না, যার আনুমানিক বাজারমূল্য ৪ কোটিরও বেশি বলে মনে করছেন তদন্তকারীরা।

সোমবার গভীর রাতে সব্যসাচী দত্তকে সঙ্গে নিয়ে তেহট্টে টিনা ভৌমিক সাহার বাড়িতে পৌঁছয় পুলিশ। তবে অভিযানের আগেই রহস্যজনকভাবে বাড়ি ছেড়ে উধাও হয়ে যান টিনা। এরপর তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সোনার অলঙ্কার উদ্ধার হয়। সেই সোনার প্রকৃত মালিক কে, তা নিয়ে শুরু হয়েছে জোর তদন্ত।

তদন্তকারীদের দাবি, সব্যসাচী দত্তের নামে ও যৌথ নামে থাকা পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ৩ কোটি ৭০ লক্ষ টাকার লেনদেনের হদিস মিলেছে। পাশাপাশি সল্টলেক ও নিউটাউনে তাঁর নামে থাকা অন্তত নয়টি ফ্ল্যাট, একাধিক লকার এবং একটি বিদেশি গাড়ির খোঁজও মিলেছে। দুটি লকার এখনও খোলা সম্ভব হয়নি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া সোনার সঙ্গে মেলে এমন কয়েক কেজি স্বর্ণালঙ্কারের রসিদও মিলেছে। ফলে প্রশ্ন উঠছে, এই বিপুল সম্পদের উৎস কী? তোলাবাজি মামলার টাকার সঙ্গেই কি এর যোগ রয়েছে? নাকি এর পিছনে রয়েছে আরও বড় কোনও আর্থিক জাল?

এদিকে, টিনা ভৌমিক সাহার খোঁজে শুরু হয়েছে তল্লাশি। তাঁর সঙ্গে সব্যসাচী দত্তের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কের সূত্র ধরেই তদন্তকারীরা আর্থিক লেনদেন ও সম্পত্তির নথি খতিয়ে দেখছেন।

রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। বিরোধীদের প্রশ্ন, "একজন জনপ্রতিনিধির ঘনিষ্ঠের বাড়িতে কোটি টাকার সোনা এল কোথা থেকে?" অন্যদিকে তদন্তকারীদের মতে, এটি শুধু তোলাবাজির মামলা নয়, এর পিছনে সংগঠিত আর্থিক অনিয়ম ও সম্পদের উৎস গোপনের বড় চক্রও থাকতে পারে।

সোনার পাহাড়, কোটি টাকার ব্যাঙ্ক লেনদেন, উধাও নেত্রী—সব মিলিয়ে সব্যসাচী-টিনা যোগ এখন রাজ্যের রাজনৈতিক মহলে নতুন বিস্ফোরক অধ্যায় হয়ে উঠেছে।