অবসরের পরও থামেননি মনোজ রায়, ত্রিপুরার স্কুল-মাদ্রাসায় কিচেন গার্ডেন বিপ্লব

Story by  Nurul Haque | Posted by  Sudip sharma chowdhury • 8 h ago
শিক্ষক মনোজ রায়ের উদ্যোগে বিদ্যালয়ে এবং মাদ্রাসায় কিচেন গার্ডেন
শিক্ষক মনোজ রায়ের উদ্যোগে বিদ্যালয়ে এবং মাদ্রাসায় কিচেন গার্ডেন
 
নূরুল হক,আগরতলা:

করোনাকালীন সময়ে যখন অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল এবং শিক্ষক-শিক্ষিকারা ঘরে বসেই বেতন গুনছিলেন, তখন ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে আলোচনায় আসেন ত্রিপুরার বাণী বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণি বালিকা বিদ্যালয়ের শিক্ষক মনোজ রায়। বিদ্যালয়ের নিয়মিত পাঠদান বন্ধ থাকলেও তিনি ছাত্র-ছাত্রীদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে প্রথম অনলাইন ক্লাসের ব্যবস্থা চালু করেন।
 
 
মনোজ রায় রাজ্যের বিশিষ্ট ৩০ জন শিক্ষকের সমন্বয়ে অনলাইন পাঠদানের একটি উদ্যোগ গ্রহণ করেছিলেন। সেই উদ্যোগ বহু ছাত্র-ছাত্রীর জন্য বিশেষ উপকারী হয়ে ওঠেছিল। পরবর্তীকালে রাজ্য সরকারও অনলাইন শিক্ষার এই ধারণাকে গ্রহণ করে সরকারি উদ্যোগে অনলাইন ক্লাস চালু করে।তবে শুধু শিক্ষাদানেই সীমাবদ্ধ থাকেননি মনোজ রায়। তার বন্ধু তথা শিক্ষক আব্দুল হকের সহযোগিতায় তিনি বাণী বিদ্যাপীঠ বিদ্যালয় প্রাঙ্গণে দুটি সবজি বাগান বা ‘কিচেন গার্ডেন’ গড়ে তোলেন।
 
 
তিনি নিজে কোদাল দিয়ে মাটি কেটে পরিশ্রম করে সবজি বাগান তৈরি করেন এবং সবজি চাষ করেন। পরবর্তীকাল করোনা পরবর্তী সময়ে বিদ্যালয় খোলার পর সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ করা ওই বাগানের সবজি বিদ্যালয়ের মিড-ডে মিল কর্মসূচিতে ব্যবহার করা শুরু হয়। বিদ্যালয়ের ছাত্রীরাও এই উদ্যোগে উৎসাহিত হয়।
 
 
মনোজ রায়কে সংবর্ধনা প্রদান
 
মনোজ রায়ের এই ব্যতিক্রমী উদ্যোগ রাজ্য শিক্ষা দপ্তরের নজর কাড়ে। তৎকালীন শিক্ষামন্ত্রী বিদ্যালয় পরিদর্শন করে কিচেন গার্ডেন প্রকল্পের প্রশংসা করেন। এরপর বুনিয়াদি শিক্ষা দপ্তর তাঁকে আরও কয়েকটি বিদ্যালয়ে একই ধরনের প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেয়। সফলতার সঙ্গে সেই দায়িত্ব পালন করার পর রাজ্যের আটটি জেলার প্রায় ৫০টি বিদ্যালয় ও মাদ্রাসায় কিচেন গার্ডেন গড়ে তোলার কাজেও নেতৃত্ব দেন তিনি।
 
পরবর্তীকালে শিক্ষা দপ্তর মনোজ রায়কে রাজ্যের সমস্ত বিদ্যালয় ও মাদ্রাসায় কিচেন গার্ডেন গড়ে তোলার পরামর্শদাতা হিসেবে দায়িত্ব প্রদান করে। শিক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী, তাঁর প্রচেষ্টা ও পরিকল্পনার ফলস্বরূপ বর্তমানে রাজ্যের ৩,৭৯১টি বিদ্যালয় ও মাদ্রাসায় কিচেন গার্ডেন স্থাপিত হয়েছে। ২০২৫ সালের নভেম্বরে মনোজ রায় সরকারীভাবে শিক্ষকতা থেকে অবসর গ্রহণ করেন। কিন্তু অবসরের পরও সমাজ ও শিক্ষাক্ষেত্রের প্রতি তাঁর দায়বদ্ধতা কমেনি। অবসরের পরও তিনি বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে পাঠদান করছেন। এমনকি নিজের পেনশনের অর্থ ব্যয় করে রাজ্যের বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় উন্নতমানের ফল ও সবজির চারা বিতরণ করছেন এবং নতুন কিচেন গার্ডেন তৈরিতে সহযোগিতা করে চলেছেন।
 
 
মনোজ রায়ের বাগান সাজাতে গাছ প্রদান
 
বর্তমানে মনোজ বাবুর উদ্যোগে বক্সনগর, দাউদরানি, সোনামুড়া টাউন, কৈলাশহর টিলাবাজার, উদয়পুর, বাঁশপুকুরসহ রাজ্যের বিভিন্ন মাদ্রাসায় কিচেন গার্ডেনের মাধ্যমে উৎপাদিত সবজি মিড-ডে মিল কর্মসূচিতে ব্যবহার করা হচ্ছে। মনোজ রায়ের উদ্যোগে রাজ্যের প্রায় সব মাদ্রাসাতেই এখন কিচেন গার্ডেন রয়েছে বলে জানা গেছে।
 
শিক্ষা ও পরিবেশবান্ধব কৃষিচর্চাকে একসূত্রে গেঁথে মনোজ রায় যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা রাজ্যের শিক্ষা মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকের মতে, একজন শিক্ষক শুধু শ্রেণিকক্ষেই নয়, সমাজ গঠনের ক্ষেত্রেও কত বড় ভূমিকা পালন করতে পারেন, তার উজ্জ্বল উদাহরণ মনোজ রায়।


শেহতীয়া খবৰ