বৈচিত্র্যের শিকড়ে প্রোথিত ভারতীয়ত্বের এক অদৃশ্য বন্ধন

Story by   Atir Khan | Posted by  Aparna Das • 17 h ago
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
 
আতির খান

ভারতীয় হিসেবে আমাদের এমন কিছু অমূল্য বৈশিষ্ট্য রয়েছে, যা আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে এতটাই মিশে আছে যে সেগুলির অসাধারণত্ব আমরা অনেক সময় উপলব্ধিই করতে পারি না। তেমনই এক শক্তি হল ভারতীয়দের মধ্যে থাকা সেই অদৃশ্য আত্মিক বন্ধন, যা ধর্ম, ভাষা, সংস্কৃতি কিংবা ভৌগোলিক দূরত্বের ঊর্ধ্বে উঠে সকলকে এক অভিন্ন আপনত্বের অনুভূতিতে আবদ্ধ করে রাখে। এই বন্ধনের কোনও নির্দিষ্ট সংজ্ঞা নেই, একে পরিমাপ করারও কোনও মাপকাঠি নেই। অথচ এর গভীরতা ও প্রভাব এতটাই প্রবল যে তা বহুত্বের মধ্যেও ভারতকে এক অখণ্ড সত্তা হিসেবে ধরে রেখেছে।

একবার কল্পনা করে দেখুন, ভিন্ন ভিন্ন ধর্ম, সংস্কৃতি ও ভাষাগত ঐতিহ্যের মানুষ যেন একটি অভিন্ন কেন্দ্রকে ঘিরে গ্রহের মতো আবর্তন করছেন। তাঁরা এক অদৃশ্য শক্তির বন্ধনে পরস্পরের সঙ্গে যুক্ত, অথচ প্রত্যেকেই নিজের স্বাতন্ত্র্য ও নিজস্ব পরিচয় অক্ষুণ্ণ রেখেছেন। সম্ভবত এটাই ভারতের অন্যতম আকর্ষণীয় বৈশিষ্ট্য।
 

এই অভিন্ন অনুভূতি কেবল ভৌগোলিক সীমানা, একগুচ্ছ অভিন্ন আইন কিংবা কর প্রদানের বাধ্যবাধকতার মধ্যে সীমাবদ্ধ নয়। নিঃসন্দেহে ভারতীয় সংবিধান আমাদের স্বর্ণগ্রন্থ, আমাদের ধ্রুবতারা। এটি এমন একটি কাঠামো প্রদান করে, যার মধ্যে এই অসাধারণ বৈচিত্র্য বিকশিত হওয়ার সুযোগ পায়। কিন্তু যে বিষয়টি ভারতকে নিছক একটি ভৌগোলিক ও রাজনৈতিক সত্তার ঊর্ধ্বে নিয়ে যায়, তা হল ভারতীয় হওয়ার সেই সামগ্রিক অনুভূতি।
 
উর্দু ভাষায় একটি শব্দ রয়েছে, ‘রবিশ’, যার মোটামুটি অর্থ হল আচার-আচরণ, চলন-বলন কিংবা স্বভাব। সম্ভবত শতাব্দীর পর শতাব্দী ধরে লালিত এই অভিন্ন স্বভাবই এমন এক ছন্দ তৈরি করেছে, যার তালে সমস্ত মতপার্থক্য সত্ত্বেও ভারতীয়রা একসঙ্গে পথ চলেন।
 
ভারতীয়দের যে বৈশিষ্ট্য অনন্য করে তুলেছে, তা হল শতাব্দীর পর শতাব্দী ধরে গড়ে ওঠা অভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অভিজ্ঞতার সঞ্চয়। এই অভিজ্ঞতাগুলির মধ্যে কিছু যেমন আনন্দময়, তেমনই কিছু বেদনাদায়কও। তা সত্ত্বেও হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ ও খ্রিস্টান, বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থা, ঐতিহাসিক উত্থান-পতন এবং সামাজিক পরিবর্তনের মধ্য দিয়ে একে অপরের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে এসেছেন।
 
ক্ষমতার সমীকরণ বদলেছে, সাম্রাজ্যের উত্থান ও পতন ঘটেছে, শাসনব্যবস্থারও পরিবর্তন হয়েছে। কিন্তু সাধারণ মানুষ নিজেদের পরিসর, অভিজ্ঞতা ও জীবন একে অপরের সঙ্গে ভাগ করে নেওয়া অব্যাহত রেখেছেন। সম্ভবত এই অভিন্ন অভিজ্ঞতার সম্মিলিত শক্তি সেই সমস্ত বিভেদ সৃষ্টিকারী শক্তির চেয়েও অনেক বেশি প্রবল, যারা মানুষকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে।
 
এই অভিজ্ঞতাগুলি আমাদের সামগ্রিক স্মৃতিতে গভীরভাবে প্রোথিত। ভারতীয়ত্ব কেবল এমন কোনও ধারণা নয়, যার সঙ্গে আমরা বৌদ্ধিকভাবে একমত হই; বরং এটি এমন এক অনুভূতি, যা আমাদের যাপিত জীবন ও সংবেদনশীলতা থেকে স্বতঃস্ফূর্তভাবে জন্ম নেয়। জাতীয় উৎসবগুলির সময় আমরা এই অনুভূতির সম্মিলিত প্রকাশ দেখতে পাই, যখন বিভিন্ন অঞ্চল ও সম্প্রদায়ের মানুষ একত্রিত হন। কিন্তু এই অনুভূতির আরও একটি অন্তরঙ্গ দিক রয়েছে। সেটি হল ভারতীয়ত্বের ব্যক্তিগত উপলব্ধি, যা অনেক সময় একাকী মুহূর্তেই সবচেয়ে গভীরভাবে অনুভূত হয়।
 
সেই নির্জন মুহূর্তগুলিতে ধর্ম, জাতি, অঞ্চল ও সম্প্রদায়ের বিভাজনগুলি গৌণ হয়ে পড়ে। তখন একজন মানুষ নিজেকে কেবল ভারতীয় হিসেবেই অনুভব করেন, যিনি কোনও এক সুপরিচিত ও গভীর শিকড়ে প্রোথিত অনুভূতির প্রতি স্বাভাবিকভাবেই সাড়া দেন।
 
প্রতীকী ছবি
 
একটি প্রাচীন গম্বুজের দৃশ্যের কথা ভাবুন, যা মন্দির ও মসজিদ, উভয় ধরনের স্থাপত্যেই দেখা যায়। বহু ভারতীয়ের কাছে, তাঁদের ধর্মীয় বিশ্বাস যা-ই হোক না কেন, এমন একটি স্থাপত্য ইতিহাস, রহস্য ও আধ্যাত্মিকতার অনুভূতি জাগিয়ে তোলে। এর স্থাপত্যশৈলীর সৌন্দর্য এবং দেওয়ালের আড়ালে লুকিয়ে থাকা ইতিহাসের গল্প কোনও হিন্দু কিংবা মুসলিমকে ঠিক ততটাই আবেগাপ্লুত করতে পারে, যতটা কোনও মন্দির বা মসজিদ তাঁদের মনে বিস্ময় জাগিয়ে তোলে।
 
একইভাবে, কোনও ভারতীয় যখন গায়ত্রী মন্ত্র কিংবা সুফি সংগীত শোনেন, তখন সেই অভিজ্ঞতা কোনও নির্দিষ্ট ধর্মবিশ্বাসের সীমানায় আবদ্ধ থাকে না। সংগীত ও আধ্যাত্মিকতা প্রায়শই ধর্মীয় বিভেদকে অতিক্রম করে যায়। জনপরিসরের আলোচনায় রাজনৈতিক ও ধর্মীয় মতপার্থক্য যতই প্রাধান্য পাক না কেন, এই অভিন্ন সাংস্কৃতিক সংবেদনশীলতা নিরন্তর বহমান।
 
একজন মুসলিম যেমন হিন্দি ভাষার একজন অসাধারণ শিক্ষক হতে পারেন, তেমনই একজন হিন্দু হতে পারেন উর্দু ভাষার খ্যাতনামা শায়র কিংবা গজলশিল্পী। এগুলি ভারতীয় অভিজ্ঞতার কোনও ব্যতিক্রমী ঘটনা নয়, বরং এর স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত প্রকাশ।
 
একটি বড় মহানগরে বসবাসকারী কোনও বিহারির কথা ভাবুন, যিনি বিভিন্ন পটভূমির লক্ষ লক্ষ মানুষের ভিড়ে রয়েছেন। কিন্তু যে মুহূর্তে তাঁর সঙ্গে একই উপভাষায় কথা বলা অন্য কোনও বিহারির দেখা হয়, তখনই তাঁদের মধ্যে এক তাৎক্ষণিক আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়ে যায়। সেই কয়েকটি মুহূর্তের জন্য সামাজিক মর্যাদা, আর্থিক অবস্থা ও শ্রেণিগত বিভেদ গৌণ হয়ে পড়ে। একটি অভিন্ন ভাষা ও সাংস্কৃতিক স্মৃতিই মুহূর্তের মধ্যে গভীর সম্পর্ক গড়ে তোলার জন্য যথেষ্ট।
 
অসমের প্রখ্যাত সংগীতশিল্পী জুবিন গর্গ যখন ‘ইয়া আলি’ গানটি গেয়েছিলেন, তখন তাঁর সংগীত ধর্মীয় সীমানা অতিক্রম করে অসংখ্য মানুষের হৃদয় জয় করেছিল। তাঁর প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছিল মানুষের মধ্যে। তাঁদের মধ্যে অসমিয়া মুসলিমরাও ছিলেন, যাঁরা তাঁকে নিজেদের পরিবারের একজন সদস্যের মতো স্মরণ করেছিলেন। তাঁর জনপ্রিয়তা ধর্মীয় পরিচয়ের সীমারেখা অতিক্রম করেছিল।
 
দিল্লি বেড়াতে আসা কোনও বাঙালি ব্যক্তি রেস্তোরাঁটি হিন্দুর নাকি মুসলিমের, তা বিবেচনা না করেই এক প্লেট আলু বিরিয়ানির স্বাদ উপভোগ করতে পারেন। জামা মসজিদের কাছে অবস্থিত করিমস-এ হিন্দু ও শিখরাও ঐতিহ্যবাহী মুসলিম রন্ধনশৈলীতে তৈরি খাবারের স্বাদ নিতে যান। দৈনন্দিন জীবনের এই আদান-প্রদানগুলি আপাতদৃষ্টিতে খুব সাধারণ মনে হলেও, এগুলিই সেই সাংস্কৃতিক আত্মীয়তার পরিচয় বহন করে, যা ভারতীয়রা প্রজন্মের পর প্রজন্ম ধরে গড়ে তুলেছেন।
 
একটি অভিন্ন নৈতিক বোধও রয়েছে, যা ভারতীয়দের পরস্পরের সঙ্গে বেঁধে রাখে। দারিদ্র্য, অভাব ও অন্যায় ধর্মীয় এবং সামাজিক বিভাজন অতিক্রম করে মানুষের মনে সহানুভূতি জাগিয়ে তোলে। বঞ্চিত মানুষের সংগ্রাম ঐতিহাসিকভাবেই বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সমর্থন পেয়ে এসেছে। অন্যায়ের বিরুদ্ধে সংহতি ও সাহসিকতার নানা ঘটনার মধ্য দিয়ে ভারতের সামগ্রিক বিবেক বারবার নিজের পরিচয় দিয়েছে।
 
প্রতীকী ছবি
 
তবুও এমন একটি অভিজ্ঞতা রয়েছে, যা সম্ভবত ভারতীয়ত্বের সবচেয়ে গভীর প্রকাশ ঘটায়। সেটি হল সেই মুহূর্ত, যখন কোনও ভারতীয় এমন একজন শহিদের কাহিনি শোনেন, যিনি দেশের জন্য নিজের প্রাণ উৎসর্গ করেছেন।
 
কোনও জনসভায় সম্মিলিতভাবে এই অনুভূতি অনুভব করা হোক কিংবা একান্তে কোনও সিনেমা দেখতে দেখতে, কোনও গল্প পড়তে পড়তে অথবা আত্মত্যাগের কাহিনি শুনতে শুনতে, এই আবেগ অত্যন্ত প্রবল হয়ে উঠতে পারে। গায়ে কাঁটা দেয়, গলা আবেগে ধরে আসে এবং মনের গভীরে এক অব্যক্ত আত্মীয়তার অনুভূতি জেগে ওঠে।
 
সম্ভবত এটাই ভারতীয় হওয়ার সর্বোচ্চ প্রকাশ, এমন এক অনুভূতি, যা আমাদের ব্যক্তিগত পরিচয়, ধর্মীয় বিশ্বাস কিংবা সাংস্কৃতিক সংযোগ ত্যাগ করার দাবি করে না। বরং এই সমস্ত পরিচয়কে আপন করে নিয়েই বৃহত্তর এক আত্মীয়তার বন্ধনে একসূত্রে গেঁথে দেয়।
 
এই বিষয়টিই শতাব্দীর পর শতাব্দী ধরে ভারত ভ্রমণে আসা বিদেশিদের বিস্মিত করেছে এবং আজও আগন্তুকদের আকৃষ্ট করে। তাঁরা এ দেশের বৈচিত্র্য, বৈপরীত্য এবং বাহ্যিক বিশৃঙ্খলা দেখতে পান। কিন্তু এই জটিলতার গভীরে লুকিয়ে রয়েছে এমন এক আবেগের বন্ধন, যা নিজে অনুভব না করলে অন্য কাউকে বোঝানো অত্যন্ত কঠিন।
 
ভারতীয়ত্বের অনুভূতি সব সময় উচ্চকণ্ঠে প্রকাশ করতে হয় না। অনেক সময় তা নীরবেই অনুভূত হয়। আর সম্ভবত আমরা যখন একা থাকি, প্রতিদ্বন্দ্বী পরিচয় এবং প্রকাশ্য ঘোষণার কোলাহল থেকে দূরে থাকি, তখনই এই অনুভূতিকে সবচেয়ে গভীরভাবে উপলব্ধি করতে পারি।
 
(লেখক আতির খান, আওয়াজ দ্য ভয়েস-এর প্রধান সম্পাদক।)


শেহতীয়া খবৰ