অতীত গৌরব হারানো দলটি আজও ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ গড়ার কাজটি নীরবে করে যাচ্ছে

Story by  Shanti Roy Chowdhury | Posted by  Aparna Das • 17 h ago
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
 
শান্তি প্রিয় রায়চৌধুরী / কলকাতা

কলকাতা ময়দানের মহমেডান স্পোর্টিং ক্লাব। ১৮৯১ সালে প্রতিষ্ঠিত। এই ক্লাবের ইতিহাস খুবই গৌরবোজ্জ্বল। ভারতের প্রাচীন ও ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব গুলির মধ্যে অন্যতম।যারা ১৯৩৪ সালে প্রথম ভারতীয় দল হিসেবে কলকাতা লিগ জিতেছিল।এই ক্লাবের লক্ষ লক্ষ ভক্ত সারা ভারত জুড়ে রয়েছে।
 
ক্লাবের মাঠটি ফোর্ট উইলিয়ামের উত্তরে এবং ইন্দিরা গান্ধী সরণিতে (রেড রোড) অবস্থিত। তাদের নিজস্ব মাঠে প্রশিক্ষন ও ঘরোয়া মাঠে খেলা পরিচালনা করা হয়।  ২০১৭ সালের পর থেকে এই মাঠে ফ্লাডলাইট, জিমনেশিয়াম এবং আধুনিক সুবিধাযুক্ত প্রেস রুম তৈরি করা হয়েছে, যা জুনিয়র ও সিনিয়র দলের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়। 
 

অতীতের ভারত সেরা ক্লাবটির একটি নন রেসিডেন্সিয়াল একাডেমিও রয়েছে। যেখানে বিভিন্ন বয়স ভিত্তিক ছেলেদের প্রশিক্ষন দেওয়া হয়। এদের কোচিং প্রোগ্রামে থাকে বিশেষজ্ঞ, যাদের তত্ত্বাবধানে পেশাদার কোচরা থাকেন, যাদের অনেকেই এশিয়ান ফুটবল কনফেডারেশন এবং  অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কোচিং যোগ্যতা সম্পন্ন প্রাক্তন আন্তর্জাতিক বা জাতীয় স্তরের খেলোয়াড়। 
 
মহমেডান স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক হলেন ইশতিয়াক আহমেদ। তিনি বলেন,"এই একাডেমি প্রতিভাবান খেলোয়াড়দের সরাসরি ক্লাবের যুব দল বা মূল দলের জন্য তৈরির লক্ষ্যে নিয়ে এই একাডেমি কাজ করে। একাডেমির বহু ছেলে লিগ ফুটবলে মহমেডানের হয়েই নয়, কলকাতার ফুটবল লিগের বিভিন্ন ক্লাবেও খেলে থাকে।" 
 
ইতিহাসের অন্যতম সেরা ভারতীয় ফুটবলের এই ক্লাবটি বর্তমানে মাথা উঁচু করে দাঁড়াতে অনেক সংগ্রাম করছে।গতবার আই লিগ চ্যাম্পিয়ন হয়ে এবার তারা আইএসএলে খেলছে। কিন্তু ১৪ টি দলের মধ্যে এখনো তারা একেবারে শেষে রয়েছে। এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলে চারটেতেই হেরেছে।
 
প্রতীকী ছবি
 
আর এর একমাত্র কারণ হল ক্লাবে আর্থিক সংকট ও ট্রান্সফার ব্যান থাকার জন্য। এজন্য টিমে নেই কোনো বিদেশি ফুটবলার। কিছুদিন আগে ট্রান্সফার ব্যান উঠে গেলেও এখনো পর্যন্ত কোন বিদেশি ফুটবলার মহমেডানের সিনিয়র দলের নেই। এই অবস্থার  মধ্যেই দেশীয় ফুটবলারদের নিয়েই টিম গড়ে আইএসএলে লড়াইয়ের চ্যালেঞ্জ নিয়েছিলেন কোচ মেহেরাজ উদ্দিন ওয়াডু। কিন্তু তিনি আপাতত ব্যর্থ।এই অবস্থা যদি চলতেই থাকে তাহলে এবারের আইএসএল থেকে ক্লাবের অবনমন অনিবার্য। তবুও কোচ মেহরাজউদ্দিন  বিদেশিহীন দলকে নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 
 
ক্লাব সচিব ইসতিয়াক আইএসএল শুরুর আগে আশাবাদ ব্যক্ত বলেছিলেন, "আমরা আশা করি খুব শীঘ্রই সব সমস্যার সমাধান করতে পারব।" কিন্তু কোথায় কি। মহমেডান যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে! 
 
তবে সব শেষে বলা যায়, মহমেডান স্পোর্টিং ক্লাব কেবল একটি ফুটবল দলই নয়, এটি কলকাতার ফুটবল সংস্কৃতির অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে পরিচিত, যারা তাদের অতীত গৌরব হারানোর মাঝেও দীর্ঘকাল ধরে তরুণ ফুটবলার তৈরির কাজ করে আসছে।