চলতি সপ্তাহে বিশ্বকাপের টিকিট পাওয়ার অপেক্ষায় আরও যেসব দেশ

Story by  Shanti Roy Chowdhury | Posted by  Aparna Das • 4 Months ago
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
 
শান্তি প্রিয় রায়চৌধুরী

আগামী বছরের জুন–জুলাইয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসছে ফুটবল বিশ্বকাপ। এবার ৪৮টি দেশ অংশ নেবে। ইতিমধ্যে মোট ২৯টি দল বিশ্ব কাপে জায়গা নিশ্চিত করেছে। বাকি ১৯ দলের মধ্যে চলতি সপ্তাহেই আরও কয়েকটি দল টিকিট পাওয়ার অপেক্ষায় রয়েছে।
 
বাছাইপর্বের  ম্যাচে ইউক্রেনকে হারিয়ে টানা অষ্টমবারের মতো বিশ্বকাপ নিশ্চিত করেছে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। তাদের পথ ধরে এগোচ্ছে নরওয়ে। ‘আই’ গ্রুপে এখন পর্যন্ত ৭ ম্যাচের সবকটিতে জয় তুলে নিয়ে শীর্ষে আছে দেশটি।
 
সোমবার (১৭ নভেম্বর) ইতালির বিপক্ষে নিজেদের অষ্টম ম্যাচে নরওয়ের সামনে টিকিট নিশ্চিত করার সুবর্ণ সুযোগ। ম্যাচে ড্র কিংবা জিতলে তো বটেই এমনকি ৯ গোলের কম ব্যবধানে হারলেও প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবে তারা।
 
এদিকে ইউরোপ থেকে পর্তুগাল, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া এবং বেলজিয়ামও খুব ভালো অবস্থানে আছে। আর স্বাগতিকের সৌজন্যে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর বিশ্বকাপ যাত্রা নিশ্চিত আগেই।
 
এশিয়া অঞ্চলে চলতি সপ্তাহে বড় সুযোগ রয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ইরাকের সামনে। বাছাইপর্বের নিজেদের নির্ধারিত ম্যাচে ইতিবাচক ফল পেলেই বিশ্বকাপ নিশ্চিত করবে দল দুটি।
 
বিশ্বকাপের দলসংখ্যা ৩২ থেকে বেড়ে ৪৮ হওয়ায় বাছাইপর্বে প্রতিযোগিতা যেমন তীব্র তেমনি বাড়ছে নতুন দলগুলোর সামনে স্বপ্ন পূরণের সম্ভাবনাও। চলতি সপ্তাহেই তাই আরও কয়েকটি দলের নাম যুক্ত হতে পারে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-এর তালিকায়।
 
এখন পর্যন্ত ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে যারা:
 
স্বাগতিক হিসেবে: যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো
 
বাছাইপর্ব পেরিয়ে: 
 
জাপান, নিউজিল্যান্ড, ইরান, আর্জেন্টিনা, উজবেকিস্তান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ইকুয়েডর, ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া, প্যারাগুয়ে, মরক্কো, তিউনিসিয়া, মিশর, আলজেরিয়া, ঘানা, কেপ ভার্দে, দক্ষিণ আফ্রিকা, কাতার, ইংল্যান্ড, ফ্রান্স, সৌদি আরব, আইভরি কোস্ট  এবং সেনেগাল।