মানবিক জ্যোতির্ময়; শিক্ষা সামগ্রী নিয়ে সাহায্যের হাত বাড়ালো মেধাবী নাসিমার দিকে

Story by  atv | Posted by  Aparna Das • 14 h ago
মানবিক জ্যোতির্ময়; শিক্ষা সামগ্রী নিয়ে সাহায্যের হাত বাড়ালো মেধাবী নাসিমার দিকে
মানবিক জ্যোতির্ময়; শিক্ষা সামগ্রী নিয়ে সাহায্যের হাত বাড়ালো মেধাবী নাসিমার দিকে
 
আগরতলা

ত্রিপুরার পার্বত্য অঞ্চল জম্পুইজলা ব্লকের পাথালিয়া ঘাট ভিলেজের লুনথাইছড়া এলাকার ১১ বছরের মেয়ে নাসিমা বেগম। পাহাড়ি গ্রামের এই ছোট্ট মেয়েটি পড়াশোনায় অত্যন্ত মেধাবী। সে ওয়ারেং বাড়ি এস বি  স্কুলে  ৯০ শতাংশ নম্বর পেয়ে এবছর চতুর্থ শ্রেণী থেকে দ্বিতীয় স্থান দখল করে পঞ্চম শ্রেণীতে উঠেছে। পড়াশোনায় তার খুব আগ্রহ। সে পড়তে চায়। কিন্তু এই ক্ষেত্রে বাধা হয়ে উঠেছে তার পারিবারিক দারিদ্রতা।
 
নাসিমা বেগমের বাবা অহিদ মিয়া পেশায় একজন গাড়ি চালক। চার মাস আগে তিনি একটি দুর্ঘটনায় পড়েন। সেই দুর্ঘটনায় তিনি শরীরে ভীষণ আঘাত পান। পায়ে ভারী আঘাতের দরুন তার আর্থিক রোজগার বন্ধ হয়ে পড়ে। পাহাড়ি গ্রামের বাড়িতে তাদের রোজগারের বিকল্প কোন পথ নেই।
 

যেখানে পরিবারের লোকেদের খাবার যোগাড় করতেই রীতিমতো দিশাহীন অবস্থা, সেখানে ভালো নম্বর পেয়ে নাসিমা পঞ্চম শ্রেণীতে উঠলেও আর পড়াশোনার (সরকারি স্কুল) আনুষঙ্গিক খরচ বহন করতে অসমর্থ হয়ে ওঠে পরিবার। কিন্তু নাসিমা নাছুর বান্দা। সে পঞ্চম শ্রেণীতে ভর্তি হয়ে পড়াশোনা করবেই। অসহায় অবস্থায় নাসিমার পিতা অহিদ মিয়া সোশ্যাল মিডিয়ায় অর্থনৈতিক সাহায্যের আবেদন জানান। 
 
এক প্রতিবেশীর সহায়তায় নাসিমা সোশ্যাল মিডিয়ায় বলেছিল "আমি পড়তে চাই, আমি লেখাপড়া করতে চাই, কিন্তু আমার বাবার কাছে টাকা নেই। আমার খাতা কলম নোট বই এবং বিদ্যালয়ে যাওয়া আসার জন্য গাড়ি ভাড়ার দরকার। কেউ যদি আমাকে অর্থনৈতিকভাবে সাহায্য করে তাহলে আমি লেখাপড়া করব"।
 
সেই ভিডিও বার্তা দেখার পরই জাত ধর্মের উর্ধ্বে দরিদ্র পঞ্চম শ্রেণি পড়ুয়া ছাত্রী নাসিমা বেগমের পাশে দাঁড়িয়ে মানবিকতার এক অনন্য নজির স্থাপন করলেন বিশালগড় প্রেসক্লাবের সদস্য তথা চড়িলামের বিশিষ্ট সাংবাদিক জ্যোতির্ময় সাহা। মঙ্গলবার সকালে দরিদ্র মেধাবী ওয়ারেং বাড়ি এস বি  স্কুলের পঞ্চম শ্রেণি পড়ুয়া ছাত্রীর বাড়িতে গিয়ে সাংবাদিক জ্যোতির্ময় সাহা তার হাতে তুলে দেন ২০ টি খাতা, এক বছরের জন্য কলম, নতুন তিনটি জামা, বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী এবং ছাত্রীর স্কুলে যাওয়ার জন্য সাধ্যমত গাড়ি ভাড়ার টাকা।
 
সাংবাদিক জ্যোতির্ময় সাহা নাসিমা ও তার পরিবারের পাশে
 
শুধু তাই নয় তিনি নাসিমাকে আশ্বস্ত করেছেন যাতে সে তার পড়াশোনা চালিয়ে যায় এবং প্রয়োজনে তার সাথে যোগাযোগ করে। সাংবাদিকতার পেশায় যুক্ত জ্যোতির্ময় সাহা নিজেও আর্থিকভাবে  মধ্যবিত্ত। কিন্তু তারপরও তিনি বরাবরই নিজের সীমাবদ্ধতার মধ্য দিয়ে যখনই কেউ বিপদে পড়েন ধর্ম এবং বর্ণের উর্ধ্বে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন।
 
আগেও তিনি বিভিন্ন জনজাতি অংশের মানুষকে প্রয়োজনীয় সাহায্য দেওয়া, রমজানে মুসলিম প্রবীণ অভিভাবক এবং বাচ্চাদের নতুন জামা কাপড় দেওয়া সহ বিভিন্ন ধরনের সামাজিক এবং মানবিক কাজ করেছেন। তার এইসব কর্মসূচি বরাবরই ধর্মীয় পরিচয়ের উর্ধ্বে মানবিকতার এক অনন্য চিত্র তুলে ধরে। সাংবাদিক জ্যোতির্ময় সাহার এই  মানবিক কাজকে কুর্নিশ জানিয়েছেন গোটা জম্পুই জলা এবং পাথালিয়া ঘাট এলাকার মানুষ। পাশাপাশি সাংবাদিক জ্যোতির্ময় সাহার মানসিকতায় আরো অনেকে এই দরিদ্র মেয়েটির পড়াশোনার সাধ মেটাতে সহযোগিতায় এগিয়ে এসেছেন।