শান্তি প্রিয় রায়চৌধুরী:
সারাটা বছরই জম্মু কাশ্মীরের 'বারামুল্লা এক্সপ্রেস' দুরন্ত গতিতে ছুটছে। এবার সেই এক্সপ্রেসের আইপিএলে ছোটার পালা। ২০২৬ নিলামে বড় চমক দিয়েছেন জম্মু ও কাশ্মীরের পেস বোলিং অলরাউন্ডার আকিব নবি। যিনি এক মাস আগে জম্মু কাশ্মীরের রঞ্জি ট্রফি জয়ের নায়ক ছিলেন।রঞ্জিতে তার অসাধারণ পারফরম্যান্স ভারতীয় নির্বাচকদেরও টনক নড়িয়ে দিয়েছে। আগেরবার নিলামে দল না পাওয়া এই আকিব নবী এবার ৮ কোটি ৪০ লাখ টাকাতে দিল্লি ক্যাপিটালস তাকে দলে নিয়েছে। তার এবার আইপিএলে সুযোগ পাওয়ার ব্যাপারটা ছিল সময়ের অপেক্ষা। সেটাই হয়েছে।এক লাফে এত বড় অঙ্কে বিক্রি হওয়াটা আকিবের ক্যারিয়ারে এক নতুন দিগন্ত খুলে দিল।
মিনি নিলামের শুরু থেকেই এবার আকিব নবি ছিলেন আলোচনায়। এবার চারটি ফ্র্যাঞ্চাইজি দলের রাডারে ছিলেন তিনি। তবে তাকে নিয়ে দিল্লি ক্যাপিটালস এবঙ রাজস্থান রয়্যালসের মধ্যে তীব্র লড়াই হয়েছিল। শেষ পর্যন্ত ৩০ লক্ষ টাকা বেস প্রাইস থেকে ৮ কোটি ৪০ লক্ষ টাকা দিয়ে তাকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস।
গতবার অবিক্রীত থেকে হতাশ হওয়া এই পেসারের জন্য এটি নিঃসন্দেহে বড় প্রাপ্তি।আর ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সই আকিবকে এই জায়গায় নিয়ে এসেছে।
নতুন বলের সুইংয়ের পাশাপাশি ডেথ ওভারে তাঁর কার্যকর বোলিং বড় শক্তি। চলতি মরসুমের সৈয়দ মুশতাক আলি ট্রফিতে তিনি সাত ম্যাচে নিয়েছেন ১৫ উইকেট, ইকোনমি ছিল আটের নিচে, যা তাকে টি-টোয়েন্টিতে আলাদা করে চোখে পড়ার মতো করে তোলে।
১৯৯৬ সালের ৪ নভেম্বর জম্মু ও কাশ্মীরের বারামুল্লায় জন্ম আকিব নবির। তাকে 'বারামুল্লা এক্সপ্রেস' নামেও ডাকা হয়। ডানহাতি এই ব্যাটার ও মিডিয়াম পেসার লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেক করেন ২০১৮–১৯ মরসুমের বিজয় হাজারে ট্রফিতে। পরের মরসুমেই তিনি টি-টোয়েন্টি ও প্রথম শ্রেণির ক্রিকেটেও সুযোগ পান।
প্রথম শ্রেণির ক্রিকেটে আকিব এখন পর্যন্ত ১২৫ উইকেট নিয়েছেন। তার সেরা বোলিং ফিগার ৭ উইকেট ২৪ রান। ২০২৪–২৫ রঞ্জি ট্রফিতে এক মরসুমেই তিনি ৪৪ উইকেট নিয়ে আলোচনায় উঠে আসেন। সেই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে দিলীপ ট্রফিতে নর্থ জোন দলে ডাক পান আকিব।
এর আগে ২০২৫ সালের মেগা নিলামে দল না পাওয়ায় হতাশা প্রকাশ করেছিলেন এই পেসার। তখন তিনি বলেছিলেন, ভালো খেলেও নিলামে নাম না ওঠাটা ছিল কষ্টের। তবে সেই হতাশা পেছনে ফেলে এবার আইপিএলের বড় মঞ্চে জায়গা করে নিলেন তিনি।
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক সাফল্য কুড়িয়ে এবার দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে নিজেকে প্রমাণ করার সুযোগ পাচ্ছেন আকিব নবি। আর এখানে সাফল্য পেলেই ভারতীয় দলে নবীর ডাক নিশ্চিত।আগামী ১ এপ্রিল লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নামছে নবীর দল দিল্লি ক্যাপিটালস। ফ্র্যাঞ্চাইজি লিগে তার পারফরম্যান্সের দিকেই যেমন দিল্লি ক্যাপিটালস চেয়ে থাকবে, তেমনি জম্মু কাশ্মীরের মানুষও এই দিনটাতো বটেই, সারা আইপিএলে তার খেলার দিন গুলোতে টিভির দিকে চেয়ে বসে থাকবেন।