নকভির হাত থেকে এশিয়া কাপের ট্রফি নিল না ভারতীয় মহিলা ক্রিকেট দল

Story by  PTI | Posted by  Sudip sharma chowdhury • 12 h ago
নকভির হাত থেকে এশিয়া কাপের ট্রফি নিল না ভারতীয় মহিলা ক্রিকেট দল
নকভির হাত থেকে এশিয়া কাপের ট্রফি নিল না ভারতীয় মহিলা ক্রিকেট দল
দুবাই:

 এশিয়া কাপের ট্রফি বিতর্ক পরপর দ্বিতীয় বছরেও অব্যাহত রইল। শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে রেকর্ড অষ্টমবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলেও পাকিস্তানের এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC)-এর চেয়ারম্যান মহসিন নকভির হাত থেকে ট্রফি গ্রহণ করল না ভারতীয় মহিলা ক্রিকেট দল।

হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারত শিরোপা জিতলেও ম্যাচের পর ট্রফি বিতরণ অনুষ্ঠানে মাঠে আসেননি দলের সদস্যরা। সাংবাদিক বৈঠকে ভারতীয় দলের প্রধান কোচ অমল মজুমদার বলেন, **“ভারত আনুষ্ঠানিকভাবে এশিয়া কাপ চ্যাম্পিয়ন। ট্রফি থাকল কি থাকল না, তাতে আমাদের কিছু যায় আসে না। ট্রফি নকভির কাছ থেকে না নেওয়ার সিদ্ধান্ত BCCI-এর। এ বিষয়ে আমরা আর কিছু বলতে পারি না।”

এর আগে গত বছরও ভারতীয় পুরুষ ক্রিকেট দল নকভির হাত থেকে এশিয়া কাপের ট্রফি ও পদক নিতে অস্বীকার করেছিল। নকভি একইসঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) চেয়ারম্যান এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতীয় দল এখনও সেই ট্রফি পায়নি; সেটি বর্তমানে ACC-র দফতরে রাখা রয়েছে।

গতবার সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল ট্রফি ছাড়াই মঞ্চে উঠে তাৎক্ষণিকভাবে উদযাপন করেছিল। তবে এবার ভারতীয় মহিলা দলের সদস্যরা BCCI সচিব দেবজিৎ শইকিয়া নন্দিনী শর্মাকে ইন-হাউস ‘বেস্ট ফিল্ডার’ পদক দেওয়ার পরও আর মাঠে ফেরেননি।

অন্যদিকে, শ্রীলঙ্কার দল নকভির কাছ থেকে রানার্স-আপের চেক গ্রহণ করে। তার আগে শ্রীলঙ্কার অন্তর্বর্তী প্রধান এরান বিক্রমরত্নের কাছ থেকে দলের সব খেলোয়াড় ও সাপোর্ট স্টাফ পদক নেন।

শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তুকে পুরস্কার দেওয়ার পরই স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যান নকভি। তবে গত বছরের মতো এবার ট্রফি সঙ্গে নিয়ে তিনি মাঠ ছাড়েননি।

গত বছর পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলা এবং পরবর্তী ‘অপারেশন সিঁদুর’-এর পর থেকেই ভারত-পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক তলানিতে রয়েছে। এশিয়া কাপ বা ICC আয়োজিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারত ও পাকিস্তানের পুরুষ ও মহিলা ক্রিকেটাররা এখন একে অপরের সঙ্গে হাত মেলানোর প্রোটোকলও অনুসরণ করেন না।