আইএসএল সমস্যা সমাধানে ১৮ নভেম্বর ক্লাবগুলির সাথে আবার বসবে এআইএফএফ

Story by  Shanti Roy Chowdhury | Posted by  Aparna Das • 3 Months ago
এআইএফএফ (AIFF)  সভাপতি কল্যাণ চৌবে
এআইএফএফ (AIFF) সভাপতি কল্যাণ চৌবে
 
শান্তি প্রিয় রায়চৌধুরী

আইএসএলের জটিলতা কাটাতে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) ১৮ নভেম্বর নয়াদিল্লিতে তাদের ফুটবল হাউসে ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ক্লাব গুলোর সাথে বসবে। এই বৈঠকে আইএসএল মরশুমের সম্ভাব্য সময়সূচী নিয়ে আলোচনা করবে।
 
“এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে বলেছেন, "১২ নভেম্বর সকল ক্লাবের সাথে বৈঠক করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা ১৮ নভেম্বর এনিয়ে  আলোচনার জন্য একটি বৈঠক করব। আইএসএল শুরু করার জন্য আমরা মাননীয় সুপ্রিম কোর্টের কাছ থেকে ইতিবাচক নির্দেশনা আশা করছি।"
 
এআইএফএফ সচিব বলেন,“তদনুসারে, আমরা ১ জানুয়ারী থেকে ৩১ মে এর মধ্যে লীগটি পরিচালনা করতে চাই। ১৪ টি দল নিয়ে ১৫০ দিনে ১৮৭ টি ম্যাচ হবে, যা দলের সংখ্যা কমলে কমতে পারে। তবে গাণিতিকভাবে এটি সম্ভব এবং আগেও ঘটেছে। তাই, আমরা ক্লাবগুলিকে এই বিষয়ে আলোচনা করার জন্য ১৮ নভেম্বর এআইএফএফ অফিসে ডেকেছি। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আমরা ১৯ নভেম্বর সুপ্রিম কোর্টে বিষয়টি তালিকাভুক্ত করার পরিকল্পনা করছি।"
 
২০২৫-২৬ আইএসএলের ভবিষ্যৎ কী তা বোঝা যাচ্ছে না। বলতে গেলে এখনও একেবারে অন্ধকারে। সমাধান বার করতে হিমসিম খাচ্ছে এআইএফএফ। লিগের আয়োজক - ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (এফএসডিএল) - এবং এআইএফএফ ভবিষ্যতের কোনও চুক্তিতে একমত হতে ব্যর্থ হয়েছে, বর্তমান চুক্তির মেয়াদ ডিসেম্বরে শেষ হচ্ছে। আইএসএলের বাণিজ্যিক অংশীদারের জন্য এআইএফএফের অনুরোধের জন্য কোটেশন (আরএফকিউ) ৭ নভেম্বরের সময়সীমা পর্যন্ত কোনও দরপত্র আকর্ষণ করতে ব্যর্থ হয়েছে।
 
এর ফলস্বরূপ, আইএস এলের বেশ কয়েকটি ক্লাব - কেরালা ব্লাস্টার্স, মোহনবাগান সুপার জায়ান্ট এবং ওড়িশা এফসি - তাদের কার্যক্রম স্থগিত করেছে।ইস্টবেঙ্গল অবশ্য সুপার কাপ নিয়ে ব্যস্ত আছে। 
 
অন্যদিকে আইএসএলের অন্য সব দলের খেলোয়াড়রা যত তাড়াতাড়ি সম্ভব আইএসএল শুরু করার জন্য একটি যৌথ বিবৃতি দিয়েছে। আর ১২ নভেম্বরের বৈঠকে, আইএসএল ক্লাব এবং খেলোয়াড়রা আইএসএলের অচলাবস্থার জরুরি সমাধানের জন্য শীর্ষ আদালতে পৃথক আবেদন দাখিল করার সিদ্ধান্ত নিয়েছে।
 
১৮ নভেম্বরের সভার আগে, ক্লাবগুলিকে লিগটি যত তাড়াতাড়ি সম্ভব আইএসএল আয়োজনের জন্য 'প্রস্তাব' এবং 'সুপারিশ' নিয়ে প্রস্তুত থাকতে বলা হয়েছে, যার মধ্যে একটি জানুয়ারি থেকে মে মাসের মধ্যে পরিকল্পনা করা হয়েছে।
 
আইএসএল নিয়ে একটা জটিল অবস্থা সৃষ্টি হয়েছে। একটার পর একটা বৈঠক ব্যর্থ হচ্ছে।কবে কাটবে ভারতীয় ফুটবলের এই জটিল অবস্থা। এ নিয়ে যেমন চিন্তিত এআইএফএফ তেমনি চিন্তিত ক্লাব গুলির খেলোয়াড়রা ও ভারতীয় ফুটবলের কোটি কোটি সমর্থকরাও। আর দু'দিন বাদে আবার এনিয়ে বসবে বৈঠক। নতুন কোনো আলোর সন্ধান ভারতীয় ফুটবল পায় কিনা সেটাই দেখার।