জলবন্দি হয়ে ছাদে-মাচায় অসহায় দিনযাপন! পাশে দাঁড়াতে ছুটল মাদ্রাসার ‘মানবিকতার নৌকা’, ১০০০-র বেশি মানুষকে দেওয়া হল ত্রাণ
তরুণ নন্দী / কলকাতা
জল বেড়ে গিয়ে মালদার একাধিক গ্রামের জলছবি এক এক রকম। জমা জলের অস্বস্তিতে দিনরাত এক হচ্ছে বাসিন্দাদের। এবার যেন বন্যার জলে কার্যত বিচ্ছিন্ন ভূতনি চর। জমা জলের কারণে দুর্গত মানুষদের ঠাঁই হয়েছে কোথাও ঘরের ছাদে, কোথাও আবার মাচার উপর। মাথা গোঁজার ঠাঁই তো নেই সঙ্গে বাড়তি পাওনা খাদ্য ও পানীয় জলের তীব্র সংকট। আর ভুতনি চরের মানুষদের এই কষ্ট দেখে তাঁদের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য নজির তৈরি করল মানিকচক এনবি হাই মাদ্রাসা বিদ্যালয় কর্তৃপক্ষ।
বিদ্যালয় সূত্রে খবর, শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি ছাত্রছাত্রীরা সম্মিলিতভাবে অর্থ সংগ্রহ করে এক জায়গায় করে বন্যার্তদের জন্য ত্রাণ সামগ্রী কেনেন। এরপর দুর্গত এলাকাগুলো চিহ্নিত করে নৌকায় করে শুকনো খাবার ও পানীয় জল নিয়ে ভূতনীর উত্তর চণ্ডীপুর অঞ্চলের একাধিক প্লাবিত গ্রামে পৌঁছে যান বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।
বন্যায় দুর্গত ভুতনি চরের মানুষদের পাশে মানিকচক এনবি হাই মাদ্রাসা বিদ্যালয়
জানা গেছে, বন্যায় দুর্গত এলাকার যে সমস্ত মানুষদের কাছে এখনও কোনও ত্রাণ পৌঁছয়নি, বিশেষভাবে সেই জায়গাগুলিকেই চিহ্নিত করে ত্রাণ দিলেন শিক্ষকরা। সবমিলিয়ে ১০০০-রও বেশি দুর্গত মানুষের হাতে এই মাদ্রাসার পক্ষ থেকে তুলে দেওয়া হয় ত্রাণ সামগ্রী।
এই অঞ্চলগুলোতে জলের তোড়ে যোগাযোগ ব্যবস্থা কার্যত বিপর্যস্ত। ফলে সেই পর্যন্ত ত্রাণ পৌঁছনোও ছিল যথেষ্ট চ্যালেঞ্জের বিষয়। কিন্তু লক্ষ্য স্থির রেখে দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে সব বাধাকে উপেক্ষা করেই নৌকায় করে দুর্গত মানুষের কাছে পৌঁছে যান শিক্ষক-শিক্ষিকারা। একেবারে নৌকো করেই ছাদে কিংবা মাচার উপর আশ্রয় নেওয়া পরিবারগুলির কাছেও পৌঁছে দেওয়া হয় তাঁদের প্রয়োজনীয় খাবার ও পানীয় জল।
এই মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমিনুল হোসেন বলেন, দুর্গত মানুষের পাশে দাঁড়ানো তো সবসময় আমাদের সামাজিক দায়িত্ব ও প্রধান কর্তব্য। এদিন ১০০০ জনের হাতে উঠলেও বন্যার্তদের জন্য আরও ত্রাণ পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। বিস্কুট, চাল সহ ৬-৭ রকমের নিত্য প্রয়োজনীয় খাবার সহ জল দেওয়া হয়েছে। এতদিন খবরে দেখেছি কিন্তু আজ চোখে দেখে খুবই কষ্ট হচ্ছে। বন্যার জল কমলে একটা মেডিকেল টিম নিয়ে এই এলাকায় ফের যাওয়ার ইচ্ছেপ্রকাশ করলেন।
বন্যায় দুর্গত ভুতনি চরের মানুষদের পাশে মানিকচক এনবি হাই মাদ্রাসা বিদ্যালয়
এনবি হাই মাদ্রাসার এই উদ্যোগে আপ্লুত স্থানীয় বাসিন্দা থেকে মালদাবাসীরা। দুর্গত মানুষেরা জানালেন, বিপদের দিনে শুধু সাহায্য নয়, পাশে এসে দাঁড়ানোর এই মানসিকতাই সবচেয়ে বড় ভরসা। বন্যার কঠিন পরিস্থিতিতে এই মাদ্রাসা বার্তা দিল মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষাই হল আসল শিক্ষা।