প্রজাতন্ত্র দিবসে মাদ্রাসা প্রাঙ্গনে সংবিধান রক্ষায় গুরুত্ব আলেমদের

Story by  Nurul Haque | Posted by  Aparna Das • 1 Months ago
প্রজাতন্ত্র দিবসে মাদ্রাসা প্রাঙ্গনে সংবিধান রক্ষায় গুরুত্ব আলেমদের
প্রজাতন্ত্র দিবসে মাদ্রাসা প্রাঙ্গনে সংবিধান রক্ষায় গুরুত্ব আলেমদের
 
নূরুল হক / আগরতলা

হিংসা এবং সাম্প্রদায়ীকতার মোকাবেলায় হিংসা নয় সম্প্রীতি দিয়ে করতে হবে। আগুন এবং বুলডোজার এবং সমস্ত ধরনের অন্যায়ের মোকাবেলা করতে হবে ভারতবর্ষের সংবিধানের মধ্য দিয়ে। দেশের ৭৭ তম প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলনের পর মাদ্রাসার ছাত্রছাত্রীদের প্রতি এই আহ্বান রাখলেন ত্রিপুরার বিশালগড় রাউতখলা জামিয়া মাদানিয়া দারুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা আব্দুর রহমান।
 
সোমবার ত্রিপুরায় সমস্ত স্কুলের পাশাপাশি যথাযোগ্য মর্যাদায় প্রজাতন্ত্র দিবস পালিত হয়েছে মাদ্রাসাগুলিতে। সরকারি, বেসরকারি এবং কেন্দ্রীয় প্রকল্পের অধীন মাদ্রাসা গুলিতে এদিন জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি জাতীয় সংগীত গেয়ে এবং বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নিজেদের দেশাত্মবোধের আবেগ তুলে ধরেন মাদ্রাসার শিক্ষক, আলেম এবং ছাত্র-ছাত্রীরা। বিভিন্ন স্থানে মাদ্রাসার ছাত্রছাত্রীরা প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করে।
 

ত্রিপুরার বিশালগড় রাউতখলা জামিয়া মাদানিয়া দারুল উলুম মাদ্রাসায় এদিন ছাত্ররা জাতীয় পতাকা এবং তিরঙ্গায় সুসজ্জিত হয়ে প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে সামিল হয়। মাদ্রাসা মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা আব্দুর রহমান। জাতীয় পতাকা উত্তোলনের পর ছাত্ররা জাতীয় পতাকাকে অভিবাদন করে এবং সমবেতভাবে জাতীয় সংগীত গান।
 
পরবর্তীকালে অধ্যক্ষ আবদুর রহমান বলেন, 'ভারতবর্ষে ১৯৪৭ সালের ১৫ আগস্ট স্বাধীন হলেও শক্তিশালী এবং গণতান্ত্রিক ভারত তৈরি করা হয়েছিল ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি সংবিধান তৈরীর মধ্য দিয়ে। এই সংবিধান ভারতবর্ষের মেরুদন্ড। এই সংবিধানই পৃথিবীর ভৌগোলিক মানচিত্রে ভারতবর্ষের মাথা উঁচু করেছে। এই সংবিধান যতদিন সুরক্ষিত থাকবে ততদিনেই ভারতবর্ষ সুরক্ষিত থাকবে। সংবিধান আক্রান্ত হলে ভারতবর্ষের সার্বভৌমত্ব আক্রান্ত হবে। এই সার্বভৌমত্ব এবং ভারতের বৈচিত্রের মধ্যে ঐক্য রক্ষা করতে আমরা হিংসার মোকাবেলা হিংসা দিয়ে নয় বরং ভালোবাসা এবং সম্প্রতি দিয়ে করবো।'
 
তিনি বলেন গণতন্ত্রকে রক্ষা করতে মুসলিমদের আগুন এবং বুলডজারের প্রতিবাদ সংবিধান রক্ষার মাধ্যমেই করতে হবে। মাওলানা আব্দুর রহমান প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এবং ছাত্র-ছাত্রীদের রাজ্য এবং দেশের স্বার্থে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান রেখেছেন। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এদিন কিছু মাদ্রাসায় বিশেষ দোয়ারও আয়োজন করা হয়েছিল।