নূরুল হক,আগরতলা :
ঈদের মাঠে কেন্দ্রীয় জামাতে বিশ্ব,দেশ এবং জাতি ধর্ম নির্বিশেষে শান্তিস্থাপনের জন্য দোয়া করলেন মুসলিমরা। এক মাস ব্যাপী রোজার শেষে শনিবার অনুষ্ঠিত হচ্ছে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদুল ফিতর তথা রমজানের ঈদ।
গোটা বিশ্ব এবং দেশের সাথে এদিন ত্রিপুরাতেও যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহের সাথে দিনটি অতিবাহিত হচ্ছে। সকাল থেকেই রাজধানী আগরতলা সহ রাজ্যের সমস্ত মসজিদ এবং ঈদগাহগুলিতে ধাপে ধাপে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। আগরতলা গেদু মিয়া মসজিদে কেন্দ্রীয়ভাবে ঈদের নামাজ পাঠ করান মৌলানা আব্দুর রহমান। সেখানে নামাজের পর একে অপরে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
মুসলিম ধর্মাবলম্বীদের ঈদকে কেন্দ্র করে এদিন ঈদগাহের সামনে উপস্থিত ছিলেন হিন্দু এবং অন্যান্য ধর্মাবলম্বী লোকজন। তারাও ঈদের শুভেচ্ছা আদান প্রদান করেন এবং মিষ্টি মুখ করেন। একইভাবে আগরতলা সংলগ্ন পশ্চিম নোয়াবাদীতে ঈদের কেন্দ্রীয় জামাত অনুষ্ঠিত হয় পশ্চিম নোয়াবাদী ঈদগাহ মাঠে। সেখানে নামাজ পাঠ করান মৌলানা বিল্লাল আহমেদ।
ঈদের জামাতে তিনি কবর বাসীদের জন্য আল্লাহর কাছে দোয়া পাঠ করার পাশাপাশি বিশ্ব শান্তি কামনা করেছেন। তেরি দুহাত তুলে মোনাজাত তোলেন অবিলম্বে যাতে বিশ্বযুদ্ধের পরিস্থিতি শান্ত হয়ে শান্তি ফিরে আসে। একইভাবে তিনি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সমাজের সমস্ত অংশের মানুষের মধ্যে সৌভ্রাতৃত্ব এবং শান্তির দোয়া করেছেন।
নামাজের পর ছোটরা বড়দেরকে পায়ে ধরে সালাম করেন। ছোটদের হাতে ইদি তুলে দেন বড়রা। একইভাবে সমবয়সীরা নিজেদের মধ্যে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পশ্চিম নোয়াবাদীতে ঈদের অনুষ্ঠানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সর্ব অংশের মানুষজন একে অপরের মধ্যে শুভেচ্ছা বিনিময় করছেন।
ঈদের একদিন আগেই রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী, রাজ্যপাল সহ মন্ত্রিসভার একাধিক সদস্য এবং বিধায়করা। সামাজিক মাধ্যমে ঈদের শুভেচ্ছা বার্তা বইছে। ঈদকে কেন্দ্র করে সম্প্রীতির বার্তা ছড়িয়ে আছে গোটা রাজ্যে।