বিজেপি শাসিত ত্রিপুরায় ঈদের প্রাক্কালে সম্প্রীতির বার্তা

Story by  Nurul Haque | Posted by  Aparna Das • 1 d ago
নিজ বিধানসভা এলাকায় ইফতারি পাঠালেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী (বামে) ও  কর্পোরেটর লতা নাথের উদ্যোগে ইফতার বিতরণ (ডানে)
নিজ বিধানসভা এলাকায় ইফতারি পাঠালেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী (বামে) ও কর্পোরেটর লতা নাথের উদ্যোগে ইফতার বিতরণ (ডানে)

নূরুল হক / আগরতলা

বিজেপি শাসিত ত্রিপুরায় রমজানের ঈদকে সামনে রেখে ধর্মীয় সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববন্ধনের নতুন নজির তৈরি হল। ঈদের আগে খোদ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন "মুখ্যমন্ত্রীর সংখ্যালঘু উন্নয়ন প্রকল্পের"। প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে আর্থিক সহায়তা থেকে শুরু করে ‌শিক্ষা ক্ষেত্রে সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য একাধিক নতুন সুবিধা প্রদান করা হয়েছে।
 
একইভাবে রমজানে ইফতার বিতরণ থেকে শুরু করে উপহাস সামগ্রী বিতরণ করছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী থেকে শুরু করে আগরতলা পুর নিগমের মেয়র, একাধিক বিধায়ক কর্পোরেটর, স্বশাসিত সংস্থার চেয়ারম্যান, সাংবাদিক থেকে শুরু করে বিভিন্ন সমাজসেবী সংগঠন এবং ব্যবসায়ীরা। রীতিমতো রাজ্যের চারিদিকে হিন্দু মুসলিম এবং ধর্মীয় সম্প্রীতির এক নতুন অধ্যায়ের সূচনা। আগরতলার এক কর্পোরেটর ঈদের প্রাপ্ত মুহূর্তে মুসলিম মহল্লায় মসজিদের প্রবেশের রাস্তা নির্মাণ করে সংখ্যালঘুদের মন জয় করে নিয়েছেন।
 

গত দুদিন যাবত এই সমস্ত কর্মসূচির মধ্যে অন্যতম রয়েছে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর নেতৃত্বে তার বিধানসভা কেন্দ্রে সংখ্যালঘু মুসলিমদের জন্য ইফতার এবং উপহার বিতরণ। একইভাবে আগরতলা ৫ নাম্বার ওয়ার্ডের কর্পোরেটর লতা নাথ নিজ এলাকার সকল মুসলিম ভাই বোনদের হাতে ইফতার এবং উপহার তুলে দেন।
 
রমজান উপলক্ষে রাজনগর বাইতুল আমোন জামে মসজিদ এবং গাউছিয়া সমিতির উদ্যোগে একটি ইফতার মাহফিল আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত থেকে রোজাদারদের সঙ্গে ইফতারের সামিল হন আগরতলা পুর নিগমের মেয়র বিধায়ক দীপক মজুমদার। ছিলেন সংখ্যালঘু চেয়ারম্যান জসিম উদ্দিন সহ অন্যান্যরা।
 
একইভাবে ঈদের প্রাক মুহূর্তে ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে রমজানের শুভেচ্ছা নিয়ে মুসলিম সাংবাদিকদের বাড়ি বাড়ি গিয়ে শুভেচ্ছা জানান রাজ্যের বিশিষ্ট সাংবাদিক এবং প্রান্তর সাহিত্যিক সংস্থার কর্ণধার বিজয় পাল। তিনি রমজানে আগরতলার মুসলিম সাংবাদিকদের বিশেষ শুভেচ্ছা স্মারক এবং ইফতারি তুলে দেওয়ার পাশাপাশি প্রতিবেশী বাংলাদেশে বন্ধু সাংবাদিকদের উদ্দেশ্যে সে সমস্ত উপহার সামগ্রী পাঠান। তিনি রমজান এবং ঈদকে উপলক্ষ করে ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববন্ধনের আহ্বান রেখেছেন। 
 
ঈদের আগে রাস্তা তৈরি করে দিলেন কর্পোরোটার প্রদীপ চন্দ
 
একইভাবে ত্রিপুরার কৈলাশহরে ঈদ উপলক্ষে সংখ্যালঘু সাংবাদিকদের সম্মাননা ও উপহার দিলেন বিশিষ্ট সমাজসেবী সুজাতা পাল সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সুজাতা পাল সাহা বলেন, সমাজে শান্তি, সৌহার্দ্য ও পারস্পরিক সম্মান বজায় রাখার জন্য ধর্মীয় সম্প্রীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিন্দু-মুসলিম সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে সমাজ ও মানুষের কল্যাণে কাজ করলে একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। মূলত সেই সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই তাঁর এই ক্ষুদ্র উদ্যোগ বলে তিনি জানান।
 
ঈদের প্রাক্কালে আগরতলা বিটারবনে মুসলিম মহল্লায় নতুন রাস্তা নির্মাণ করে দেন ১৩ নাম্বার পুর ওয়ার্ডের কর্পোরেটর প্রদীপ চন্দ। মসজিদ এবং মাদ্রাসা যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন যাবতই বেহাল অবস্থায় ছিল। রাস্তা টেনশন হলেও বিভিন্ন কারণবশত কাজটি আটকে ছিল।
 
এর মধ্যে কর্পোরেটর প্রদীপ চন্দ ঈদের আগে মুসলিম নাগরিকদের সুবিধার কথা মাথায় রেখে তড়িঘড়ি উদ্যোগ নিয়ে রাতারাতি নিজে উপস্থিত থেকে রাস্তা নির্মাণের কাজ সম্পন্ন করেন। তার এই উদ্যোগে এলাকার নাগরিক সমাজ বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন। এই প্রসঙ্গে উল্লেখ্য ত্রিপুরা রাজ্যটি বরাবরই সম্প্রীতির পিঠস্থান হিসেবে পরিচিত।
 
রমজানে দেশ-বিদেশের মুসলিম সাংবাদিকদের উদ্দেশ্যে শুভেচ্ছা বিনিময় সাংবাদিক সাহিত্যিক বিজয় পালের
 
জাতি জনজাতির পাশাপাশি হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিষ্টান জৈন  সহ প্রায় সর্ব ধর্মের লোকেদেরই বসবাস রয়েছে এই পাহাড়ি রাজ্যে। বরাবরই এখানকার লোকেরা  সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববন্ধনে আবদ্ধ। তবে এসবের বাইরে এবার রমজান এবং ঈদকে সামনে রেখে যা ভেবে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী বিধায়ক সহ ব্যক্তিগতভাবে কয়েকজন সহ সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিচ্ছেন তা বিশেষ গুরুত্বপূর্ণ এবং নাগরিক মহলে ইতিবাচক প্রভাব তৈরি করছে