পশ্চিমবঙ্গ সফরের দ্বিতীয় দিনে গঙ্গাসাগরে নীতিন নবীন, যুব সম্মেলনেও যোগ দেবেন

Story by  PTI | Posted by  Sudip sharma chowdhury • 15 h ago
পশ্চিমবঙ্গ সফরের দ্বিতীয় দিনে গঙ্গাসাগরে নীতিন নবীন, যুব সম্মেলনেও যোগ দেবেন
পশ্চিমবঙ্গ সফরের দ্বিতীয় দিনে গঙ্গাসাগরে নীতিন নবীন, যুব সম্মেলনেও যোগ দেবেন
 
কলকাতা:

 পশ্চিমবঙ্গে দু’দিনের সফরের শেষ দিনে সোমবার দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর পরিদর্শন করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। পাশাপাশি কলকাতায় একটি যুব সম্মেলনেও অংশ নেবেন তিনি।

দলের তরফে প্রকাশিত সংশোধিত সূচি অনুযায়ী, নীতিন নবীন নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে গঙ্গাসাগরের উদ্দেশে রওনা দেবেন এবং সকাল ৯টায় সেখানে পৌঁছবেন। সকাল ১০টায় কলকাতায় ফেরার কথা রয়েছে তাঁর।

এরপর সকাল ১০টা ৪৫ মিনিটে তিনি পানিহাটির সোদপুরের লোকসংস্কৃতি ভবনের উদ্দেশে রওনা দেবেন। সেখানে সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত ‘আঙন কা মিলন’ সেবা কর্মসূচিতে অংশ নেবেন।

দুপুর ১২টা ৩০ মিনিটে সেখান থেকে কলকাতার স্পেস সার্কেল ক্লাবের উদ্দেশে রওনা দেবেন বিজেপি সভাপতি। সেখানে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২টা ১৫ মিনিট পর্যন্ত ‘যুব সংবাদ কনক্লেভ’-এ অংশ নেবেন। অনুষ্ঠানস্থলেই মধ্যাহ্নভোজ সেরে বিকেল ৩টের দিকে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন। বিকেল ৪টা ১০ মিনিটের এয়ার ইন্ডিয়ার বিমানে তাঁর নয়াদিল্লি ফেরার কথা রয়েছে।

সংশোধিত সূচিটি আগের কর্মসূচির থেকে কিছুটা আলাদা। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, সকাল ১০টা ৩০ মিনিটে লোকসংস্কৃতি ভবনে পৌঁছে ‘আঙন কা মিলন’ কর্মসূচিতে যোগ দেওয়ার পর যুব সম্মেলনে যাওয়ার কথা ছিল তাঁর।

রাজ্য বিজেপির বড় সাংগঠনিক রদবদলের কয়েকদিন পরই নীতিন নবীনের এই পশ্চিমবঙ্গ সফর। সম্প্রতি দলের মহিলা মোর্চা ও যুব মোর্চার নেতৃত্বে এবং সাতটি সাংগঠনিক জেলায় পরিবর্তন আনা হয়েছে।

রবিবার রাজ্য বিজেপির পদাধিকারী, জেলা নেতৃত্ব, সাংসদ, বিধায়ক, মন্ত্রী-সহ অন্যান্য নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেন নীতিন নবীন। দলীয় সংগঠন এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় আরও মজবুত করাই ছিল বৈঠকগুলির অন্যতম মূল বিষয়।

রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য জানান, দলীয় সংগঠন, নির্বাচিত জনপ্রতিনিধি এবং রাজ্য সরকারের মধ্যে আরও বেশি সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা বলেছেন নীতিন নবীন। একইসঙ্গে মন্ত্রিসভার কাজে দলীয় কর্মীদের হস্তক্ষেপ না করারও নির্দেশ দিয়েছেন তিনি।