'আমার প্রতিবেশী, আমার প্রিয় ব্যক্তিত্ব’, সম্প্রীতি রক্ষায় বিশেষ জনসচেতনতামূলক কর্মসূচি অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিলের।

Story by  Nurul Haque | Posted by  Aparna Das • 4 h ago
অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিলের ত্রিপুরা রাজ্য ইউনিটের উদ্যোগে  আয়োজিত সভার একটি দৃশ্য
অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিলের ত্রিপুরা রাজ্য ইউনিটের উদ্যোগে আয়োজিত সভার একটি দৃশ্য
 
নূরুল হক / আগরতলা

আমার প্রতিবেশী, আমার প্রিয় ব্যক্তিত্ব” এই বার্তা দিয়ে বিভিন্ন ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সম্প্রীতির বন্ধন আরও মজবুত করার লক্ষ্যে অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিলের ত্রিপুরা রাজ্য ইউনিটের উদ্যোগে শুরু হলো “জাতীয় সংহতি ও সম্প্রীতি অভিযান"-র চতুর্থ পর্ব। জাতীয় সংহতি ও সম্প্রীতি অভিযানরে অংশ হিসেবে আগামী এক মাসব্যাপী “আমার প্রতিবেশী, আমার প্রিয় ব্যক্তিত্ব” শীর্ষক বিশেষ জনসচেতনতামূলক কর্মসূচি পরিচালিত হবে।

শনিবার এক মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট আইনজীবী, গৌহাটি হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট ও অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিলের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য হাফিজ রশিদ আহমেদ চৌধুরী।
 
অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিলের ত্রিপুরা রাজ্য ইউনিটের উদ্যোগে  আয়োজিত সভার একটি দৃশ্য
 
এ উপলক্ষে কাউন্সিলের কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ত্রিপুরা রাজ্য ইউনিটের সহ-সভাপতি মাওলানা আমিন আলী আল-জলিল। স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা হাইকোর্টের আইনজীবী ও সংগঠনের অন্যতম সংগঠক অ্যাডভোকেট কামাল এম. মোসাদ্দার।
 
অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিরা জাতীয় সংহতি, সামাজিক সম্প্রীতি এবং প্রতিবেশীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। বক্তারা বলেন, বর্তমান সময়ে শান্তি, ঐক্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। “আমার প্রতিবেশী, আমার প্রিয় ব্যক্তিত্ব” কর্মসূচির মাধ্যমে বিভিন্ন ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সম্প্রীতির বন্ধন আরও মজবুত হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
 
প্রধান অতিথি হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বলেন, জাতীয় সংহতি ও সম্প্রীতি রক্ষায় সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। প্রতিবেশীর প্রতি সম্মান, সহমর্মিতা ও ভালোবাসার মনোভাব সমাজে শান্তি ও ঐক্যের ভিত্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
 
অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিলের ত্রিপুরা রাজ্য ইউনিটের উদ্যোগে  আয়োজিত সভার একটি দৃশ্য
 
অনুষ্ঠানের এক পর্যায়ে সমাজ, শিক্ষা ও আইন অঙ্গনে তাঁর দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় তাঁকে সম্মাননা স্মারক, উত্তরীয় ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।
 
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত সকলেই জাতীয় সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। দোয়া ও শুভকামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।