মুসলিম দম্পতির কোলে বড় হওয়া হিন্দু ছেলের বিয়ে সম্পন্ন ঐতিহ্য মেনে

Story by  atv | Posted by  Aparna Das • 3 d ago
মেহবুব ও নূরজাহান নাইকওয়াড়ি তাদের ছেলে সোমশেখর পুজেরি ও পুনমের সঙ্গে
মেহবুব ও নূরজাহান নাইকওয়াড়ি তাদের ছেলে সোমশেখর পুজেরি ও পুনমের সঙ্গে
 
নয়া দিল্লি 

কর্ণাটক–মহারাষ্ট্র সীমানা লাগোয়া বেলাগাভি জেলার শান্ত-নিবিড় শহর হুক্কেরি ৮ ফেব্রুয়ারি এক বিরল ও হৃদয়গ্রাহী ঘটনার সাক্ষী হলো। এক মুসলিম দম্পতি তাদের দত্তক নেওয়া হিন্দু ছেলের বিয়ের আয়োজন করলেন এবং সেই বিবাহ অনুষ্ঠিত হলো ছেলের সম্প্রদায়, হিন্দু ধর্মের ভীরশৈব লিঙ্গায়ত রীতিনীতির পূর্ণানুসরণে।
 
বাস্তাভাদা গ্রামের মেহবুব ও নূরজাহান নাইকওয়াড়ি প্রায় দুই দশক আগে সোমশেখর পুজেরি এবং তার ছোট ভাই বাসন্তকে দত্তক নেন। তখন সোমশেখরের বয়স মাত্র চার, আর বাসন্তের দুই বছর। দু’জনের বাবা-মা সড়ক দুর্ঘটনায় মারা যান, আর তাদের দেখাশোনা করার মতো কোনও নিকটাত্মীয়ও ছিল না।
 
সোমশেখর পুজেরি ও পুনম
 
সোমশেখর ও বাসন্তের বাবা শিবানন্দ কাদায়্যা পুজেরির ঘনিষ্ঠ বন্ধু ছিলেন নাইকওয়াড়ি। প্রথমদিকে বন্ধু-বান্ধবরা আত্মীয় খুঁজে দেখার চেষ্টা করলেও ব্যর্থ হন। শেষ পর্যন্ত নিজের পাঁচ সন্তান থাকা সত্ত্বেও নাইকওয়াড়ি দম্পতি দুই অনাথ শিশুকে নিজেদের পরিবারে স্থান দেন।
 
তারা দুই ভাইকে হিন্দু হিসেবে বড় করেন, শিক্ষা-দীক্ষার সব দায়িত্ব নেন এবং স্নেহ-ভালোবাসায় মানুষ করেন।বর্তমানে BSc পাশ করা সোমশেখর বেলাগাভির একটি এভিয়েশন কোম্পানিতে কর্মরত।
 

যখন সোমশেখর বিয়ের উপযুক্ত বয়সে পৌঁছান, নাইকওয়াড়ি দম্পতি তার জন্য উপযুক্ত মেয়ে খুঁজতে শুরু করেন। পরিচয়ের সূত্রে তারা মহারাষ্ট্রের গাধিংলাজ তালুকের তানওয়াদ গ্রামে যান, সঙ্গে ছিলেন হুক্কেরির কিছু পরিবার-বন্ধু। সেখানেই তারা ভীরশৈব লিঙ্গায়ত পরিবারের মেয়ে পুনমকে পছন্দ করেন।
 
হুক্কেরিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ৭০-উর্ধ্ব নাইকওয়াড়ি জানান, তিনি এখন তাদের অপর দত্তকপুত্র বাসন্তের বিয়ের অপেক্ষায় রয়েছেন। 
তিনি বলেন, “আমার স্ত্রী ও আমি যা করেছি, তা আমার কাছে বিশেষ কিছু নয়। আমি বিশ্বাস করি, এই দেশের সবাই একে অপরের ভাই-বোন। এই ছেলেরা আমার বাড়িতে বড় হয়েছে, পড়াশোনা করেছে, নিজেদের পায়ে দাঁড়িয়েছে, এটাই আমার সবচেয়ে বড় তৃপ্তি। আমি এই পৃথিবী ছাড়ার আগে সন্তুষ্ট যে আমি আমার কর্তব্য পালন করতে পেরেছি।”