লক্ষ্মীপূজায় মানবিকতার নজির, দৃষ্টিহীন চাকুরিহারা শিক্ষকের পরিবারের পাশে আইনজীবী জাকির হোসেন
নূরুল হক / আগরতলা
লক্ষ্মীপূজার আনন্দ থেকে যাতে বঞ্চিত না হয় একটি অসহায় পরিবার, সেই ভাবনা থেকেই মানবিকতার হাত বাড়িয়ে দিলেন বিশালগড় মহকুমা আদালতের বিশিষ্ট আইনজীবী জাকির হোসেন। লক্ষ্মীপূজার পুণ্যলগ্নে চাকুরিহারা দৃষ্টিশক্তিহীন ১০,৩২৩-এর শিক্ষক বিজয় দেববর্মার হাতে তুলে দিলেন মানবিক সাহায্য।
বিজয় দেববর্মার বাড়ি জম্পুইজলা ব্লকের চিকন ছড়া ভিলেজের মুরারি পাড়া এলাকায়। চাকুরিহারা দৃষ্টিশক্তিহীন ১০,৩২৩-এর শিক্ষক বিজয় দেববর্মার বাড়িতে লক্ষ্মী পূজার দুপুরে ছুটে যান আইনজীবী জাকির হোসেন। পরিবারের হাতে তুলে দেন ৫০ কেজি চাল, মাংস, তেল, পেঁয়াজ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী।
দৃষ্টিহীন চাকুরিহারা শিক্ষকের পরিবারের পাশে আইনজীবী জাকির হোসেন
উৎসবের মরশুমে যখন চারদিকে আনন্দ ও উদযাপনের আবহ, তখন আর্থিক সংকটের কারণে কোনও পরিবার যাতে আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেন আইনজীবী জাকির হোসেন। তাঁর এই সাহায্য শুধু খাদ্যসামগ্রী প্রদানেই সীমাবদ্ধ নয়, বরং অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর এক মানবিক বার্তাও বহন করছে। উল্লেখ্য, দুর্গাপূজার দশমীর দিনেও বিজয় দেববর্মার পরিবারের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনি। এবার লক্ষ্মীপূজাতেও সেই সহযোগিতার ধারাবাহিকতা বজায় রাখলেন জাকির হোসেন।
তবে এখানেই শেষ নয়। ভবিষ্যতে দৃষ্টিশক্তিহীন চাকুরিহারা শিক্ষক বিজয় দেববর্মার চোখের চিকিৎসার পাশাপাশি তাঁর দুই মেয়ের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্যও আর্থিক সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন আইনজীবী জাকির হোসেন।
আইনজীবী জাকির হোসেন
উৎসবের প্রকৃত তাৎপর্য যে কেবল আচার-অনুষ্ঠান কিংবা আনন্দ-উদযাপনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং মানুষের দুঃখ-কষ্টে পাশে দাঁড়ানোর মধ্যেই তার সার্থকতা, এই উদ্যোগ যেন সেই বার্তাই তুলে ধরল। জাকির হোসেনের এই মানবিক উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন জম্পুইজলা ব্লকের বহু মানুষ। তাঁর এই সহমর্মিতা ও সহযোগিতার দৃষ্টান্ত এলাকায় প্রশংসা কুড়িয়েছে। একইভাবে তুলে ধরেছে জাতি জনজাতি সম্প্রীতির বার্তা।