ঐতিহ্যের হাত ধরে শ্রদ্ধার্ঘ্য, পুরুলিয়ায় শ্যামাপ্রসাদের আবক্ষ মূর্তি গড়ছে ভারত সেবাশ্রম সংঘ
কলকাতা
পুরুলিয়ার ইতিহাসে প্রথমবারের মতো ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তি স্থাপন করতে চলেছে ভারত সেবাশ্রম সংঘ। তাঁর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে নেওয়া এই উদ্যোগকে ঘিরে ইতিমধ্যেই শহরে উৎসবের আবহ তৈরি হয়েছে। সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, ৬ জুলাই পুরুলিয়া ভারত সেবাশ্রম সংঘের প্রধান প্রবেশপথের বাইরে আনুষ্ঠানিকভাবে মূর্তির উন্মোচন করা হবে।
এই উদ্যোগের সঙ্গে জড়িয়ে রয়েছে এক ঐতিহাসিক স্মৃতিও। ১৯৪০ সালে, দেশ স্বাধীন হওয়ার আগেই, ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা আচার্য স্বামী প্রণবানন্দজী মহারাজ ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে মাল্যদান করে দেশ ও সমাজের কল্যাণে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। সেই মুহূর্তের আলোকচিত্র আজও সংঘের বিভিন্ন কেন্দ্রে সংরক্ষিত রয়েছে। সেই ঐতিহ্য ও স্মৃতিকে সম্মান জানিয়েই এবার পুরুলিয়ায় তাঁর আবক্ষ মূর্তি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সংঘ।
অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যের পূর্ত ও অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের রাষ্ট্রমন্ত্রী নদিয়ার চাঁদ বাউরি, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো-সহ জেলার একাধিক জনপ্রতিনিধির। ইতিমধ্যেই মূর্তির নির্মাণকাজ শেষ হয়েছে। আবক্ষ মূর্তিটি তৈরি করেছেন প্রখ্যাত ভাস্কর রাহুল দাস। শনিবার মূর্তিটি ভারত সেবাশ্রম সংঘ প্রাঙ্গণে পৌঁছনোর কথা।
ভারত সেবাশ্রম সংঘের পুরুলিয়া শাখার সহ-সম্পাদক স্বামী নিত্যশুদ্ধানন্দজী মহারাজ জানান, পুরুলিয়ায় এতদিন ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কোনও মূর্তি ছিল না। সেই অভাব পূরণ করতেই সংঘ এই উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, জন্মজয়ন্তী উপলক্ষে সকালে প্রভাতফেরি, সঙ্গীতানুষ্ঠান, আবক্ষ মূর্তির উন্মোচন এবং ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন, দর্শন ও আদর্শ নিয়ে তাৎক্ষণিক বক্তৃতার আয়োজন করা হয়েছে। দেশ ও সমাজের প্রতি তাঁর অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।
এদিকে, বিজেপির রাজ্য কমিটির সদস্য বিবেক রাঙ্গা বলেন, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তাঁর অবদানকে স্মরণে রাখার জন্য রাজ্যজুড়েই নানা কর্মসূচি নেওয়া হয়েছে। পুরুলিয়ায় ভারত সেবাশ্রম সংঘের এই উদ্যোগকে তিনি তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন।
মূর্তির নির্মাতা শিল্পী রাহুল দাসও নিজের অনুভূতি জানিয়ে বলেন, এমন একজন বিশিষ্ট ব্যক্তিত্বের আবক্ষ মূর্তি নির্মাণের সুযোগ পাওয়া তাঁর কাছে অত্যন্ত গর্বের বিষয়।
ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীকে ঘিরে এই উদ্যোগ শুধু একটি মূর্তি স্থাপনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তাঁর জীবনদর্শন, শিক্ষা, সমাজচিন্তা এবং জনসেবার আদর্শকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার এক গুরুত্বপূর্ণ প্রচেষ্টা বলেই মনে করছে ভারত সেবাশ্রম সংঘ।