ধর্ম-বর্ণের ঊর্ধ্বে কৃতিদের সম্মান, ৪৮ ছাত্রছাত্রীকে সংবর্ধনা দিল বাইতুচ্ছালাম যুব সংস্থা

Story by  Nurul Haque | Posted by  Aparna Das • 14 h ago
ধর্ম-বর্ণের ঊর্ধ্বে কৃতিদের সম্মান, ৪৮ ছাত্রছাত্রীকে সংবর্ধনা দিল বাইতুচ্ছালাম যুব সংস্থা
ধর্ম-বর্ণের ঊর্ধ্বে কৃতিদের সম্মান, ৪৮ ছাত্রছাত্রীকে সংবর্ধনা দিল বাইতুচ্ছালাম যুব সংস্থা
 
নূরুল হক / আগরতলা

রাজধানী আগরতলার দক্ষিণ রামনগরের বাইতুচ্ছালাম জামে মসজিদ প্রাঙ্গণে বাইতুচ্ছালাম যুব সংস্থা এবং বাইতুচ্ছালাম জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত হলো "সংবর্ধনা জ্ঞাপন ২০২৫-২৬" অনুষ্ঠান। এদিন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ মোট ৪৮ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানানো হয়।
 
এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মেধাবী ছাত্রছাত্রীদের সম্মানিত করা। সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি হিন্দু ও অন্যান্য ধর্মাবলম্বী কৃতি শিক্ষার্থীদেরও সমান মর্যাদায় সংবর্ধনা প্রদান করা হয়। উপস্থিত অতিথিরা এই উদ্যোগকে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেন।
 

অনুষ্ঠানে আন্তর্জাতিক স্তরে সাফল্য অর্জনের জন্য বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মুস্তাফা কামাল-কেও বিশেষ সংবর্ধনা জানানো হয়। তাঁর এই অর্জন রাজ্যের জন্য গর্বের বলে মন্তব্য করেন বক্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, অবসরপ্রাপ্ত আইএএস কর্মকর্তা মুসলেম উদ্দিন আহমেদ এবং বিশিষ্ট সমাজসেবী শাহ আলম মিয়া। ছিলেন সংগঠনের সভাপতি বাবু চৌধুরী এবং সম্পাদক লোকমান শাহীন। অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে কঠোর পরিশ্রম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে জীবনের মূলমন্ত্র হিসেবে গ্রহণ করার আহ্বান জানান।
 
আয়োজকরা জানান, বাইতুচ্ছালাম যুব সংস্থা দক্ষিণ রামনগরের যুবকদের একটি সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত সামাজিক সংগঠন। দীর্ঘদিন ধরে সংগঠনটি যুব সমাজকে মাদকাসক্তি ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সচেতনতা বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ এবং দেশ গঠনে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি রাজধানীর দক্ষিণ রামনগরসহ বিভিন্ন এলাকায় ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে নানা মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
 
বাইতুচ্ছালাম যুব সংস্থা থেকে মেধাবী শিক্ষার্থীদেরকে সন্মানিত করার কিছু দৃশ্য
 
এবার সেই ধারাবাহিকতায় কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করে শিক্ষার প্রসার, সামাজিক সম্প্রীতি এবং তরুণ প্রজন্মকে উৎসাহিত করার এক ইতিবাচক বার্তা তুলে ধরল সংগঠনটি। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার বিশিষ্টজনদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।