৫ বছর পর সংখ্যালঘু পরিবার নিজের বাড়িতে ফিরতেই বদলে গেল পরিস্থিতি! ‘আতঙ্কিত’ নাজমূল বললেন, পরিবারের সঙ্গে কী হয়েছিল

Story by  Tarun Nandi | Posted by  Aparna Das • 12 h ago
৫ বছর পর সংখ্যালঘু পরিবার নিজের বাড়িতে ফিরতেই বদলে গেল পরিস্থিতি! ‘আতঙ্কিত’ নাজমূল বললেন, পরিবারের সঙ্গে কী হয়েছিল
৫ বছর পর সংখ্যালঘু পরিবার নিজের বাড়িতে ফিরতেই বদলে গেল পরিস্থিতি! ‘আতঙ্কিত’ নাজমূল বললেন, পরিবারের সঙ্গে কী হয়েছিল
 
তরুণ নন্দী / কলকাতা

পাঁচ বছর পরিবার নিয়ে বাড়ি ছাড়া বিজেপির সংখ্যালঘু পরিবার। তৃণমূলের জামানা শেষ হতেই বিজেপি কর্মীদের ভরসায় এবার বাড়ি ফিরলেন নাজমূল ও তাঁর পরিবার। অভিযোগ, ২০২১ সালের ভোট পরবর্তী হিংসার জেরে তৃণমূলের হার্মাদ বাহিনী মারধর লুটপাট করে খুনের হুমকি দিয়ে বাড়িছাড়া করেছিল নাজমুল সরদার ও তার পরিবারকে। সেই থেকে তাঁরা ছিলেন অন্যত্র। 
 
দীর্ঘ পাঁচ বছরের আতঙ্কের প্রহর গোনা অবশেষে শেষ হলো এই সংখ্যালঘু পরিবারের। অভিযোগ, ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে হিংসার জেরে ঘরছাড়া হতে হয়েছিল বসিরহাট দক্ষিণ বিধানসভার পিফা পঞ্চায়েতের ১২৪ নম্বর বুথের সংখ্যালঘু বিজেপি কর্মী নাজমূল সরদার ও তার পরিবারের সদস্যদের। রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পরেই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল এই মানুষগুলো। 
 

জানা গেছে, ২০২১ সালের নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই নাজমূলের সঙ্গে শুরু হয়েছিল নানা অত্যাচার। অভিযোগ, শুধুমাত্র বিজেপির একনিষ্ঠ কর্মী হওয়ার অপরাধে নাজমূল সরদারের বাড়ি-ঘর ভেঙে চুরে দেওয়া হয়। এমনকি ঘরের যথাসর্বস্ব লুটপাট চালিয়েছিল তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা। এখানেই শেষ নয়, নাজমূলকে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। তৎকালীন পুলিশ-প্রশাসনের দরজায় দরজায় ঘুরেও মেলেনি কোনও বিচার।
 
অবশেষে পরিবারের সদস্যদের প্রাণ বাঁচাতে ভিটেমাটি ছেড়ে কার্যত এক কাপড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন এই সংখ্যালঘু বিজেপি কর্মী নাজমূল সরদার।বাড়ি ফিরে নাজমূল বললেন, পাঁচটা বছর কীভাবে কেটেছে, শুধু আল্লাহ জানেন। বাড়ি-ঘর সব লুট হয়ে গিয়েছিল, প্রতিনিয়ত খুনের হুমকি পেতাম। ভাবিনি কোনওদিন নিজের ভিটেয় পা রাখতে পারব। বিজেপি জেতায় আমরা সুবিচার পেয়েছি।
 
 
তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডবের সাক্ষী
 
রাজ্যে ২০২৬-এর নির্বাচনে বিপুল ভোটে জিতে ক্ষমতায় এসেছে বিজেপি। রাজনৈতিক এই পটপরিবর্তনে এবার নাজমুলদের মতো হাজারো অত্যাচারিত মানুষের মনে নতুন আশার আলো তৈরি হয়েছে। বসিরহাট দক্ষিণের ২০২৬ সালের বিধানসভার বিজেপি প্রার্থী ডঃ সূর্য ব্যানার্জির উদ্যোগে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও শমিক ভট্টাচার্যের প্রত্যক্ষ সহযোগিতায় সসম্মানে নাজমূল ও তাঁর পরিবার ঘরে ফিরতেই আনন্দে ভাসল এই পরিবার থেকে প্রতিবেশীরা। বিজেপি কর্মী-সমর্থকদের উপস্থিতিতে গ্রামে পা রাখতেই কান্নায় ভেঙে পড়েন তাঁরা। বলা ভালো এলাকায় এখন একটাই স্লোগান চলছে, ভয় আউট ভরসা ইন।
 
বিজেপি নেতা সূর্য ব্যানার্জি বললেন, দিন বদলেছে। রাজ্যে এখন আইনের শাসন চলছে। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, একটিও বিজেপি কর্মীকে আর ঘরছাড়া থাকতে দেওয়া হবে না। নাজমুলের ঘরে ফেরা আসলে গণতন্ত্রের জয়। দীর্ঘ পাঁচ বছর পর নিজের চেনা উঠোনে দাঁড়িয়ে নাজমূল সরদারের চোখে দেখা গেল জল। আনন্দের বহিঃপ্রকাশ বোধহয় এটাই। অনেকেই ভাবছেন বাংলায় আর যাই হোক, ভয়ের দিন শেষ, এবার ভরসার নতুন সূর্যোদয় দেখা যাবে।