বন্ধ্যাত্ব চিকিৎসায় আশার আলো ডা. হানি কুরেশি

Story by  Sampee Chakroborty Purkayastha | Posted by  Aparna Das • 1 d ago
ডা. হানি কুরেশি
ডা. হানি কুরেশি
 
শম্পি চক্রবর্তী পুরকায়স্থ

কলকাতার ক্র্যাডল ফার্টিলিটি সেন্টারের প্রখ্যাত আইভিএফ কনসালট্যান্ট ডা. হানি কুরেশি বর্তমানে শহরের বন্ধ্যাত্ব চিকিৎসার ক্ষেত্রে এক পরিচিত নাম। ইনফার্টিলিটি, ৩ডি টিভিএস ও আইভিএফ চিকিৎসায় বিশেষ দক্ষ এই চিকিৎসক বর্তমানে ক্র্যাডল ফার্টিলিটি সেন্টারের গড়িয়া শাখার সেন্টার-ইন-চার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন। রোগী পরিষেবা ও আধুনিক চিকিৎসা পদ্ধতির সমন্বয়ে তিনি প্রতিনিয়ত চেষ্টা করে চলেছেন বন্ধ্যাত্ব চিকিৎসাকে আরও কার্যকর ও মানবিক করে তুলতে।

ডা. হানির কাজের স্বীকৃতি হিসেবে ২০২৪ সালে তিনি লাভ করেন মর্যাদাপূর্ণ ISAR Youth Icon Award. এই সম্মান তাঁর নিরলস পরিশ্রম, গবেষণামুখী মানসিকতা এবং রোগীকেন্দ্রিক চিকিৎসা দর্শনেরই প্রতিফলন।
 
 
 
এক সাক্ষাৎকারে ডা. হানি বলেন, “আমার সবচেয়ে বড় সাফল্য হল, যাঁরা দীর্ঘদিন সন্তানলাভে সমস্যায় ভুগছিলেন, আইভিএফের মাধ্যমে তাঁদের বাবা-মা হওয়ার স্বপ্ন পূরণ করতে পেরেছি। কারও জীবনে এমন পরিবর্তন আনতে পারা সত্যিই অনন্য অনুভূতি।” তিনি আরও বলেন, “সাফল্যের জন্য ধারাবাহিকতা, শৃঙ্খলা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের কোনও বিকল্প নেই।”
 
ডা. হানির কাছে রোগীদের ইতিবাচক ফলই তাঁর কাজের সবচেয়ে বড় অনুপ্রেরণা। “রোগীদের সুখবর আমাকে আরও বেশি কাজ করতে উৎসাহ জোগায়। আমার কাজ কারও জীবনে পরিবর্তন আনছে, এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা কঠিন, কিন্তু তা ভীষণই ম্যাজিক্যাল,” জানান তিনি।
 
 
শুধু চিকিৎসা নয়, প্রজনন বিজ্ঞানের সর্বশেষ গবেষণা ও আধুনিক প্রযুক্তির সঙ্গেও নিজেকে নিয়মিত আপডেট রাখেন ডা. হানি কুরেশি।
 
তিনি বিশ্বাস করেন, প্রতিটি রোগীর যাত্রা আলাদা, তাই চিকিৎসাও হতে হবে ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী। বিজ্ঞানভিত্তিক চিকিৎসা ও মানবিক সহানুভূতির মেলবন্ধনই তাঁকে করে তুলেছে রোগীদের কাছে বিশ্বাসযোগ্য ও আশার প্রতীক।
 

নিরলস পরিশ্রম ও দায়বদ্ধতার মাধ্যমে ডা. হানি কুরেশি আজ বন্ধ্যাত্ব চিকিৎসার জগতে এক অনুপ্রেরণার নাম, যিনি অসংখ্য দম্পতির জীবনে ফিরিয়ে দিচ্ছেন নতুন আশার আলো।