সমুদ্র দেশগুলিকে বিচ্ছিন্ন নয়, ঐক্যবদ্ধ করুক! ভারত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতা বাড়ানোর আহ্বান অজিত ডোভালের

Story by  atv | Posted by  Aparna Das • 16 m ago
সমুদ্র দেশগুলিকে বিচ্ছিন্ন নয়, ঐক্যবদ্ধ করুক! ভারত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতা বাড়ানোর আহ্বান অজিত ডোভালের
সমুদ্র দেশগুলিকে বিচ্ছিন্ন নয়, ঐক্যবদ্ধ করুক! ভারত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতা বাড়ানোর আহ্বান অজিত ডোভালের
 
মালে / মালদ্বীপ

ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলির মধ্যে সামুদ্রিক ও সভ্যতাগত সম্পর্কের গুরুত্ব তুলে ধরে সমুদ্রকে বিভাজনের নয়, বরং পারস্পরিক সংযোগ ও সহযোগিতার মাধ্যম হিসেবে গড়ে তোলার আহ্বান জানালেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। বুধবার মালদ্বীপের রাজধানী মালে-তে অনুষ্ঠিত কলম্বো সিকিউরিটি কনক্লেভের (CSC) অষ্টম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সামুদ্রিক নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে এই অঞ্চলের দেশগুলির মধ্যে ধারাবাহিক সহযোগিতা অত্যন্ত জরুরি।

ডোভাল বলেন, ভারত মহাসাগরীয় অঞ্চলের উপকূলবর্তী দেশগুলি একই সামুদ্রিক পরিসর ভাগ করে নেওয়ার পাশাপাশি দীর্ঘ ইতিহাসের মধ্য দিয়ে গড়ে ওঠা এক অভিন্ন সভ্যতাগত ঐতিহ্যের সঙ্গে যুক্ত। অতীত প্রজন্মের রেখে যাওয়া এই ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ইতিহাসে সমুদ্র বরাবরই বিভিন্ন দেশ ও জনগোষ্ঠীকে একসূত্রে বেঁধেছে। তাই আগামী প্রজন্মের জন্যও এই ঐক্যের ধারাকে বজায় রাখা প্রয়োজন। তাঁর কথায়, “আমাদের আগের প্রজন্ম যে ঐতিহ্য রেখে গিয়েছে, তা হল সমুদ্র আমাদের একত্রিত করে। আসুন, আমরাও আগামী প্রজন্মের জন্য এমন একটি ঐতিহ্য ও পরম্পরা রেখে যাই, যা তাদের একসূত্রে বেঁধে রাখবে, সমুদ্রের মাধ্যমে বিচ্ছিন্ন করবে না।”
তিনি জানান, ২০২০ সালের নভেম্বর মাসে ভারত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা, সুরক্ষা ও স্থিতিশীলতা নিশ্চিত করার সম্মিলিত লক্ষ্য নিয়ে কলম্বো সিকিউরিটি কনক্লেভ গঠিত হয়েছিল। এই গোষ্ঠী ইতিমধ্যেই যথেষ্ট অগ্রগতি করেছে। তবে লক্ষ্য পূরণে এখনও অনেক পথ অতিক্রম করতে হবে। আঞ্চলিক এই মঞ্চকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে ভারতের অঙ্গীকারের কথাও তুলে ধরেন তিনি। ডোভালের মতে, কলম্বো সিকিউরিটি কনক্লেভ ভারতের ‘নেবারহুড ফার্স্ট’ নীতি এবং বৃহত্তর ‘মহাসাগর’ (MAHASAGAR) ভাবনার প্রতিফলন। নিরাপত্তা ও উন্নয়নের ক্ষেত্রে পারস্পরিক এবং সামগ্রিক অগ্রগতি নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
 
ডোভাল বলেন, “ভারতের কাছে কলম্বো সিকিউরিটি কনক্লেভ আমাদের প্রতিবেশী-প্রথম দৃষ্টিভঙ্গি এবং মহাসাগর ভাবনার সমন্বয়কে তুলে ধরে। উদীয়মান গুরুতর নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিত সক্ষমতা বাড়াতে আমরা CSC-র সদস্য দেশগুলির সঙ্গে একযোগে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।” বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলিকে আশ্বস্ত করে তিনি জানান, কনক্লেভের অভিন্ন লক্ষ্য পূরণে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা ও সহায়তা দিতে ভারত প্রস্তুত।
 
বৈঠক আয়োজনের জন্য মালদ্বীপ সরকারের প্রশংসা করে ডোভাল বলেন, ভারত মহাসাগরের কৌশলগত গুরুত্বকে কেন্দ্র করে প্রাথমিকভাবে যে ভাবনার সূত্রপাত হয়েছিল, কলম্বো সিকিউরিটি কনক্লেভ আজ একটি সুসংগঠিত আঞ্চলিক মঞ্চে পরিণত হয়েছে। মালদ্বীপের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তাঁর কথায়, সম্মেলনের আয়োজন এবং সদস্য দেশগুলির প্রতিনিধিদের নিজেদের মতামত ও ভাবনা বিনিময়ের সুযোগ করে দেওয়ার জন্য মালদ্বীপ সরকার প্রশংসার দাবিদার।
 
ভারত মহাসাগরের গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে ডোভাল বলেন, এই অঞ্চল শুধু সংশ্লিষ্ট দেশগুলির জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং এখানকার সাধারণ মানুষের স্বার্থ ও কল্যাণ সুরক্ষার ক্ষেত্রেও এর বিশেষ ভূমিকা রয়েছে। তিনি জানান, এই প্রাথমিক ভাবনাকে সামনে রেখেই কনক্লেভের যাত্রা শুরু হয়েছিল। পরবর্তী সময়ে সদস্য দেশগুলির সহযোগিতায় উদ্যোগটি আরও বিস্তৃত হয়েছে। বর্তমানে এর নিজস্ব সচিবালয় এবং একজন মহাসচিব রয়েছেন। আগামী কয়েক মাসে এই কাঠামোকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আশাও প্রকাশ করেন তিনি।
কনক্লেভের প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করার ক্ষেত্রে গৃহীত পদক্ষেপগুলির কথাও তুলে ধরেন ডোভাল। ২০২৪ সালের আগস্ট মাসে CSC-র সনদ (চার্টার) গ্রহণ এবং সচিবালয় প্রতিষ্ঠার জন্য সমঝোতাপত্রে স্বাক্ষরকে তিনি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে উল্লেখ করেন। এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত অ্যাডমিরাল ঘোরমড়েরও প্রশংসা করেন তিনি। ডোভাল তাঁকে নিজের কর্মজীবনে দেখা অন্যতম সেরা পেশাদার ব্যক্তিত্ব বলে অভিহিত করেন।
 
উল্লেখ্য, ২০২৪ সালের ৩০ আগস্ট CSC-র সদস্য দেশগুলি সচিবালয় প্রতিষ্ঠার উদ্দেশ্যে চার্টার এবং সমঝোতাপত্রে স্বাক্ষর করেছিল। শ্রীলঙ্কা সরকারের উদ্যোগে কলম্বোতে এই স্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত হয়। সেখানে ভারতের পক্ষে অজিত ডোভাল, মালদ্বীপের পক্ষে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইব্রাহিম লতিফ, শ্রীলঙ্কায় মরিশাসের হাইকমিশনার হেমন্ডোয়েল দিল্লাম এবং শ্রীলঙ্কার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সাগালা রত্নায়েকে নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করে নথিতে স্বাক্ষর করেন।
 
উল্লেখ্য, ভারত মহাসাগরীয় অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতা জোরদার করাই কলম্বো সিকিউরিটি কনক্লেভের মূল উদ্দেশ্য।


শেহতীয়া খবৰ