বিউটি প্রোডাক্টে বিরতি, ত্বকের স্বস্তিতে নতুন ট্রেন্ড স্কিন ফাস্টিং

Story by  atv | Posted by  Aparna Das • 11 d ago
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
 
গুয়াহাটি

সকালে ফেসওয়াশ (Fcaewash), তারপর টোনার (Toner), সিরাম (Serum), ময়েশ্চারাইজার (Moisturizer), সানস্ক্রিন (Sunscreen)। রাতে আবার ক্লিনজার (Cleanser), নাইট ক্রিম (Night cream), মাস্ক (Mask), ত্বকের যত্নে একের পর এক ধাপ এখন অনেকের দৈনন্দিন রুটিন। তবে এই ব্যস্ত স্কিনকেয়ার যুগেই উল্টো স্রোতে জনপ্রিয় হয়ে উঠছে নতুন ট্রেন্ড, স্কিন ফাস্টিং (Skin Fasting)।
 
নাম শুনে ডায়েটের মতো মনে হলেও, এর সঙ্গে খাবারের কোনও সম্পর্ক নেই। স্কিন ফাস্টিং মানে নির্দিষ্ট সময়ের জন্য ত্বকে প্রসাধনী বা নানা স্কিনকেয়ার পণ্য ব্যবহার কমিয়ে দেওয়া, যাতে ত্বক নিজের স্বাভাবিক ছন্দে ফিরে আসতে পারে।
 
বিশেষজ্ঞদের ভাষায়, অনেক সময় অতিরিক্ত পণ্য ব্যবহার, বারবার নতুন প্রসাধনী বদলানো বা একসঙ্গে বহু উপাদান লাগানোর ফলে ত্বক ক্লান্ত হয়ে পড়ে। তখন ত্বকে জ্বালা, র‍্যাশ, শুষ্কতা বা ব্রণ দেখা দিতে পারে।
 
এই অবস্থায় কিছুদিনের জন্য রুটিন সরল করে শুধু মৃদু ক্লিনজার, সাধারণ ময়েশ্চারাইজার এবং সানস্ক্রিন ব্যবহার করাকেই অনেকে স্কিন ফাস্টিং বলছেন।
 
সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন নতুন নতুন স্কিনকেয়ার ট্রেন্ড দেখা যায়। ফলে অনেকেই একসঙ্গে বহু পণ্য ব্যবহার শুরু করেন। কিন্তু সব ত্বক একরকম নয়। তাই এখন অনেকেই বলছেন, “কমই বেশি”।
 
বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে মিনিমাল স্কিনকেয়ার ভাবনা বাড়ছে। খরচ কম, সময় কম লাগে, আবার ত্বকও বিশ্রাম পায়, এই কারণেই জনপ্রিয়তা বাড়ছে স্কিন ফাস্টিংয়ের।
 
ত্বক বিশেষজ্ঞদের মতে, স্কিন ফাস্টিং মানেই হঠাৎ সব কিছু বন্ধ করা নয়। বরং ধীরে ধীরে অপ্রয়োজনীয় পণ্য বাদ দেওয়াই ভালো। যেমন,
 
* অতিরিক্ত এক্সফোলিয়েশন বন্ধ রাখা
 
* একসঙ্গে বহু সিরাম ব্যবহার না করা
 
* মৃদু ক্লিনজার ব্যবহার করা
 
* সাধারণ ময়েশ্চারাইজার রাখা
 
* দিনে সানস্ক্রিন ব্যবহার চালিয়ে যাওয়া
 
যাদের অ্যাকনে, একজিমা, রোসেশিয়া বা বিশেষ ত্বকের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া হঠাৎ রুটিন বদলানো ঠিক নয়। প্রেসক্রিপশনভিত্তিক চিকিৎসা চললে তা বন্ধ করা উচিত নয়।
 
যেভাবে শরীর বিশ্রাম চায়, ত্বকও কখনও কখনও বিরতি চায়। তাই অতিরিক্ত প্রসাধনীর ভিড়ে এখন নতুন বার্তা, সবসময় বেশি নয়, কখনও কখনও কমই যথেষ্ট। স্কিন ফাস্টিং তাই শুধু ট্রেন্ড নয়, বরং ত্বকের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ার এক সহজ উপায় হয়ে উঠছে।