‘সাম্প্রদায়িক উসকানিমূলক’ সোশ্যাল মিডিয়া পোস্টের অভিযোগে অসমের কাছাড় জেলায় ২৯ বছরের এক যুবককে সোমবার গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, কল্পর্ণব গুপ্ত নামে ওই যুবক ফেসবুকে নিজেকে আইআইটি-বম্বের গবেষক এবং ‘বরাক ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ’-এর প্রধান আহ্বায়ক হিসেবে পরিচয় দেন। বজরং দলের এক কর্মীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে শিলচর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।
অভিযোগে দাবি করা হয়েছে, গুপ্ত ফেসবুকে বজরং দল, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) এবং হিন্দু ধর্মকে নিশানা করে ‘মানহানিকর, বিদ্বেষপূর্ণ ও সাম্প্রদায়িক উসকানিমূলক’ মন্তব্য করেছেন।
এছাড়াও, বজরং দলের সদস্যদের তোলাবাজি চক্র এবং জেলার সাম্প্রতিক একটি গণধর্ষণের ঘটনার সঙ্গে যুক্ত করার চেষ্টা করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
অভিযোগ অনুযায়ী, ভগবান রাম ও অন্যান্য হিন্দু দেবদেবী সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার পাশাপাশি ‘শাখা-সিঁদুর’-এর মতো ধর্মীয় প্রতীক নিয়েও কটাক্ষ করেছিলেন গুপ্ত। ধর্মীয় ভাবাবেগে আঘাত এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যে গরুর মাংস খাওয়ার পক্ষে বক্তব্য রাখার অভিযোগও তাঁর বিরুদ্ধে আনা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় গুপ্তের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা উসকে দেওয়া, জনমনে বিভ্রান্তি বা বিশৃঙ্খলা সৃষ্টি এবং মানহানির মতো অভিযোগ। পাশাপাশি অসম ক্যাটল প্রিজারভেশন অ্যাক্টের সংশ্লিষ্ট ধারাতেও মামলা হয়েছে।
ঘটনার তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, ডিজিটাল প্রমাণ সংগ্রহ করা হচ্ছে এবং অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।