পূর্ব বর্ধমান:
তামিল অভিনেতা তথা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলগা ভেত্রি কড়গম (TVK) এবার পশ্চিমবঙ্গেও সাংগঠনিকভাবে পথচলা শুরু করল। রবিবার পূর্ব বর্ধমানের ফাগুপুরে দলের প্রথম রাজ্য কার্যালয়ের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন TVK-এর পশ্চিমবঙ্গের রাজ্য কো-অর্ডিনেটর চৈতালি রায়-সহ বিভিন্ন জেলার দলীয় নেতৃত্ব। ফাগুপুরে কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে রাজ্যে দলের সাংগঠনিক কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হল বলে দাবি করেছেন দলীয় নেতারা।
তবে আপাতত সরাসরি রাজনৈতিক কর্মসূচির বদলে সামাজিক কাজের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছনোকেই অগ্রাধিকার দিচ্ছে TVK। দলীয় নেতৃত্বের বক্তব্য, সংগঠনের পরিধি বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি করতে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জোর দেওয়া হবে।
TVK নেতৃত্বের দাবি, তামিলনাড়ু থেকে নির্দেশ দেওয়া হয়েছে, যে সমস্ত রাজ্যে দলের সংগঠন তৈরি হচ্ছে, সেখানে সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। সেই নির্দেশ মেনেই পশ্চিমবঙ্গেও সংগঠন বিস্তারের প্রাথমিক পর্যায়ে সামাজিক কাজকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
দলীয় নেতৃত্ব জানিয়েছে, আগামী দিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সংগঠন আরও বিস্তৃত করার পাশাপাশি একাধিক সামাজিক কর্মসূচি নেওয়ার পরিকল্পনা রয়েছে। ফাগুপুরের কার্যালয়কে কেন্দ্র করে রাজ্যে দলের সাংগঠনিক কর্মকাণ্ড ধীরে ধীরে আরও ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।