এবার বিমানে সিট পছন্দে আর অতিরিক্ত খরচ নয়, যাত্রীদের বড় স্বস্তি দিল কেন্দ্র

Story by  atv | Posted by  Aparna Das • 3 d ago
এবার বিমানে সিট পছন্দে আর অতিরিক্ত খরচ নয়, যাত্রীদের বড় স্বস্তি দিল কেন্দ্র
এবার বিমানে সিট পছন্দে আর অতিরিক্ত খরচ নয়, যাত্রীদের বড় স্বস্তি দিল কেন্দ্র
 
নয়া দিল্লি

বিমানযাত্রীদের জন্য বড় স্বস্তির খবর নিয়ে এল কেন্দ্রীয় সরকার। এখন থেকে বিমানে নিজের পছন্দের সিট বেছে নিতে আর সবক্ষেত্রে আলাদা করে টাকা গুনতে হবে না। অসামরিক বিমান মন্ত্রকের নতুন নির্দেশ অনুযায়ী, প্রতিটি বিমানে অন্তত ৬০ শতাংশ আসন যাত্রীদের জন্য বিনামূল্যে সিট নির্বাচন করার সুযোগ রাখতে হবে। ফলে ওয়েব চেক-ইনের সময়েই যাত্রীরা সহজেই নিজেদের পছন্দমতো সিট বুক করতে পারবেন, অতিরিক্ত খরচ ছাড়াই।
 
এই নতুন নিয়ম কার্যকর হওয়ার ফলে যাত্রীদের উপর বাড়তি আর্থিক চাপ অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। এতদিন পর্যন্ত বিভিন্ন বিমান সংস্থা জানালার ধারের সিট, আইল সিট কিংবা নির্দিষ্ট পছন্দের আসন নেওয়ার জন্য আলাদা চার্জ নিত। ফলে সাধারণ যাত্রীদের মধ্যে এই বিষয় নিয়ে অসন্তোষ ক্রমশ বাড়ছিল।
 
সরকারের তরফে জানানো হয়েছে, যাত্রী পরিষেবার খরচ কমানো এবং সুবিধা বাড়ানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, যদি কোনও বিমানে ১০০টি আসন থাকে, তাহলে তার অন্তত ৬০টি আসন এমন থাকবে যেগুলি যাত্রীরা বিনামূল্যে বেছে নিতে পারবেন। তবে বাকি ৪০ শতাংশ আসন এখনও প্রিমিয়াম হিসেবে বিবেচিত হবে, এবং সেগুলি বেছে নিতে চাইলে অতিরিক্ত মূল্য দিতে হবে।
 
এর আগে ওয়েব চেক-ইনের সময় পছন্দের সিট নেওয়া মানেই ছিল অতিরিক্ত খরচ। বিশেষ করে জানালার ধারের বা সামনে বসার সিটের জন্য যাত্রীদের বাড়তি টাকা দিতে হত। এই নিয়ম নিয়ে যাত্রীদের অসন্তোষ ক্রমেই বাড়ছিল, যা বিবেচনা করেই কেন্দ্র এই নতুন নির্দেশ জারি করেছে।
 
অন্যদিকে, বিমান সংস্থাগুলির দাবি, বিমান জ্বালানির দাম বৃদ্ধির ফলে তাদের পরিচালন খরচ বেড়েছে। সেই কারণে ইতিমধ্যেই টিকিটের ভাড়া এবং জ্বালানি শুল্ক বাড়ানো হয়েছে। এই পরিস্থিতিতে সিট নির্বাচনে আংশিক ছাড় দিয়ে যাত্রীদের কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা করেছে সরকার।
 
সব মিলিয়ে, নতুন এই নিয়মে একদিকে যেমন যাত্রীরা সুবিধা পাবেন, তেমনই বিমান সংস্থাগুলিকেও নিজেদের পরিষেবা ব্যবস্থায় নতুন করে সামঞ্জস্য আনতে হবে।