কলকাতা
সীমান্ত সুরক্ষাকে আরও জোরদার করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। সীমান্তবর্তী জেলাগুলিতে বিএসএফের বর্ডার আউটপোস্ট নির্মাণ এবং কাঁটাতারের বেড়া তৈরির কাজ দ্রুত এগিয়ে নিতে মোট ১৪২.৭৯ একর জমি বিএসএফের হাতে তুলে দেওয়া হয়েছে। বুধবার নিজের এক্স হ্যান্ডেলে এই তথ্য জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রীর দাবি, সীমান্ত এলাকায় নিরাপত্তা অবকাঠামো মজবুত করতেই এই জমি হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের মতে, নতুন আউটপোস্ট এবং বেড়া নির্মাণের কাজ সম্পূর্ণ হলে অনুপ্রবেশ, গবাদি পশু পাচার ও অন্যান্য চোরাচালান রুখতে বিএসএফ আরও কার্যকরভাবে নজরদারি চালাতে পারবে।
সরকারি তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি জমি দেওয়া হয়েছে মুর্শিদাবাদ জেলায়, ৩৮.৮০৫ একর। এছাড়া জলপাইগুড়িতে ৩৫.১৬৫ একর, কোচবিহারে ২২.৯২৫ একর এবং দক্ষিণ দিনাজপুরে ২০.১৭০১ একর জমি বিএসএফের হাতে তুলে দেওয়া হয়েছে। দার্জিলিংয়ে দেওয়া হয়েছে ৮.৮১৫ একর, মালদহে ১০.৯০ একর এবং উত্তর দিনাজপুরে ২.৮৪ একর জমি।
অন্যদিকে নদিয়ায় ০.৫৫ একর এবং উত্তর ২৪ পরগণায় ২.৬ একর জমিও সীমান্ত নিরাপত্তার কাজে ব্যবহারের জন্য বরাদ্দ করা হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই সীমান্তবর্তী বহু এলাকায় জমি সংক্রান্ত জটিলতার কারণে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ আটকে ছিল। কোথাও স্থানীয় বাসিন্দাদের আপত্তি, কোথাও আবার জমি চিহ্নিতকরণে সমস্যা তৈরি হচ্ছিল।
তবে সম্প্রতি নবান্ন থেকে জেলা প্রশাসনগুলিকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়, যাতে সীমান্ত সুরক্ষার স্বার্থে দ্রুত জমি চিহ্নিত করে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। গত সপ্তাহে নবান্ন সভাঘরে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনাও করেন মুখ্যমন্ত্রী।
রাজনৈতিক মহলের একাংশের মতে, সীমান্ত নিরাপত্তা নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েনের আবহে এই উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ। একইসঙ্গে সীমান্তবর্তী এলাকায় নজরদারি বৃদ্ধি এবং অবৈধ অনুপ্রবেশ রোধে প্রশাসনের কড়া অবস্থানেরও ইঙ্গিত মিলছে বলে মনে করা হচ্ছে।