সময়ের পরিবর্তনের সঙ্গে সমাজের প্রয়োজন, দাবি ও আকাঙ্ক্ষার সঙ্গে তাল মিলিয়ে বিবর্তিত হয়েছে ভারতের সংবিধান। সেই কারণেই ভারতীয় সংবিধানকে প্রায়শই ‘জীবন্ত দলিল’ বা ‘লিভিং ডকুমেন্ট’ হিসেবে অভিহিত করা হয়। ১৯৪৯ সালের ২৬ নভেম্বর গৃহীত হওয়ার পর থেকে এখনও পর্যন্ত সংবিধানে ১০৬টি সংশোধনী আনা হয়েছে, যা দেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বিবর্তনের সাক্ষ্য বহন করছে।
ভারতীয় সংবিধান সম্পূর্ণ অনমনীয় নয়, আবার পুরোপুরি নমনীয়ও নয়। পরিবর্তিত সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে সংবিধান সংশোধনের সুযোগ রাখা হয়েছে। একই সঙ্গে সাংবিধানিক কাঠামোর মৌলিক নীতিগুলি অক্ষুণ্ণ রাখার উপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
মহিলা সংরক্ষণে ১০৬তম সংশোধনী
২০২৩ সালের ১০৬তম সংবিধান সংশোধনী আইনে লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণের বিধান রাখা হয়েছে। চলতি বছরের এপ্রিলে আইনটি কার্যকর করা হয়। যদিও ওই আইনে আরও সংশোধন আনার প্রস্তাব লোকসভায় প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার অভাবে পাস হয়নি। তবে মহিলা সংরক্ষণ বাস্তবায়নের সঙ্গে জনগণনা ও আসন পুনর্বিন্যাসের শর্তও যুক্ত রয়েছে।
শিক্ষা ও ভাষার স্বীকৃতি
সংসদীয় কার্যকলাপ নিয়ে গবেষণাকারী সংস্থা পিআরএস ইন্ডিয়ার মতে, শিক্ষা ও ভাষা সংবিধান সংশোধনের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র। ১৯৭৬ সালের ৪২তম সংশোধনীর মাধ্যমে শিক্ষাকে রাজ্য তালিকা থেকে যৌথ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। ফলে শিক্ষা সংক্রান্ত আইন প্রণয়নের ক্ষমতা পায় কেন্দ্র ও রাজ্য উভয় সরকার।
২০০২ সালের ৮৬তম সংশোধনীর মাধ্যমে সংবিধানের ২১এ অনুচ্ছেদের অধীনে ৬ থেকে ১৪ বছর বয়সি শিশুদের বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের স্বীকৃতি দেওয়া হয়। বিভিন্ন সংশোধনীর মাধ্যমে সংবিধানের অষ্টম তফসিলে স্বীকৃত ভারতীয় ভাষার সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।
নির্বাচনী সংস্কার ও রাজনৈতিক প্রতিনিধিত্ব
১৯৮৮ সালের ৬১তম সংশোধনীর মাধ্যমে ভোটদানের ন্যূনতম বয়স ২১ থেকে কমিয়ে ১৮ বছর করা হয়। ৮৪তম ও ৮৭তম সংশোধনীতে নির্বাচনী কেন্দ্রের সীমানা পুনর্বিন্যাস সংক্রান্ত কাঠামোয় পরিবর্তন আনা হয়।
১০৪তম সংশোধনীর মাধ্যমে আইনসভায় তফসিলি জাতি ও তফসিলি জনজাতির জন্য আসন সংরক্ষণের মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি অ্যাংলো-ইন্ডিয়ান সম্প্রদায়ের মনোনীত প্রতিনিধিত্বের বিধানের অবসান ঘটানো হয়।
সামাজিক ন্যায় ও সংরক্ষণ ব্যবস্থা
১৯৫১ সালের প্রথম সংবিধান সংশোধনীর মাধ্যমে সামাজিক ও শিক্ষাগতভাবে পিছিয়ে পড়া শ্রেণি, তফসিলি জাতি এবং তফসিলি জনজাতির উন্নয়নের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের সুযোগ তৈরি হয়।
পরবর্তী সময়ে পদোন্নতিতে সংরক্ষণ, পদোন্নতি-পরবর্তী জ্যেষ্ঠতা এবং অপূর্ণ সংরক্ষিত শূন্যপদ পূরণ সংক্রান্ত একাধিক বিধান যুক্ত হয়। ১০২তম সংশোধনীর মাধ্যমে জাতীয় অনগ্রসর শ্রেণি কমিশনকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়। ১০৩তম সংশোধনীতে আর্থিকভাবে দুর্বল শ্রেণির (ইডব্লিউএস) জন্য সর্বোচ্চ ১০ শতাংশ সংরক্ষণের বিধান আনা হয়।
১০৫তম সংশোধনীর মাধ্যমে সামাজিক ও শিক্ষাগতভাবে পিছিয়ে পড়া শ্রেণি চিহ্নিত করার ক্ষেত্রে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির নিজস্ব ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠিত হয়।
অর্থনীতি ও কর ব্যবস্থায় পরিবর্তন
২০১৬ সালের ১০১তম সংবিধান সংশোধনীর মাধ্যমে পণ্য ও পরিষেবা কর বা জিএসটি চালুর সাংবিধানিক কাঠামো তৈরি হয়। এর ফলে দেশের পরোক্ষ কর ব্যবস্থার পাশাপাশি কেন্দ্র ও রাজ্যের আর্থিক সম্পর্কেও বড় ধরনের পরিবর্তন আসে। অন্যান্য সংশোধনীর মাধ্যমে কর রাজস্ব বণ্টন এবং সম্পত্তি সংক্রান্ত সাংবিধানিক বিধানেও পরিবর্তন আনা হয়েছে।
যুক্তরাষ্ট্রীয় কাঠামো ও কেন্দ্র-রাজ্য সম্পর্ক
রাজ্য পুনর্গঠন, নির্দিষ্ট রাজ্যের জন্য বিশেষ বিধান এবং আইন প্রণয়ন ও প্রশাসনিক ক্ষমতা বণ্টন সংক্রান্ত সংশোধনীর মাধ্যমে ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিবর্তন ঘটেছে।
১৯৫৬ সালের সপ্তম সংশোধনীর মাধ্যমে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির পুনর্গঠন করা হয়। ১৯৭৫ সালের ৩৬তম সংশোধনীর মাধ্যমে সিকিম ভারতের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়। ৬৯তম সংশোধনীর মাধ্যমে দিল্লির জাতীয় রাজধানী অঞ্চলের সাংবিধানিক কাঠামো প্রতিষ্ঠিত হয়।
তৃণমূল স্তরে গণতন্ত্রের প্রসার
১৯৯২ সালের ৭৩তম ও ৭৪তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যথাক্রমে পঞ্চায়েত ব্যবস্থা এবং শহরাঞ্চলের স্থানীয় স্বশাসন সংস্থাগুলিকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়। এই সংস্কারের অন্যতম উদ্দেশ্য ছিল ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং তৃণমূল স্তরে গণতন্ত্রকে আরও শক্তিশালী করা।
বিচারব্যবস্থা ও নাগরিক স্বাধীনতা
বিচারবিভাগের ক্ষমতা, মৌলিক অধিকার এবং জরুরি অবস্থা সংক্রান্ত বিধানের ক্ষেত্রে ৪২তম, ৪৩তম ও ৪৪তম সংশোধনী গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে।
৪৪তম সংশোধনীর মাধ্যমে জরুরি অবস্থার ক্ষমতার অপব্যবহার রোধে বিশেষ সুরক্ষা ব্যবস্থা যুক্ত করা হয়। একই সঙ্গে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দিয়ে সংবিধানের ৩০০এ অনুচ্ছেদের অধীনে সাংবিধানিক অধিকারের মর্যাদা দেওয়া হয়।
২০১৪ সালের ৯৯তম সংশোধনীর মাধ্যমে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে বিচারপতি নিয়োগের কলেজিয়াম ব্যবস্থার পরিবর্তে জাতীয় বিচারবিভাগীয় নিয়োগ কমিশন (এনজেএসি) গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল।
তবে ২০১৫ সালের অক্টোবরে সুপ্রিম কোর্ট ওই সংশোধনী এবং এনজেএসি আইন বাতিল করে দেয়। শীর্ষ আদালতের মতে, এই ব্যবস্থা সংবিধানের মৌলিক কাঠামো, বিশেষত বিচারবিভাগের স্বাধীনতার নীতিকে লঙ্ঘন করেছিল। ওই রায়ের ফলে কলেজিয়াম ব্যবস্থা বহাল থাকে। পাশাপাশি সংবিধান সংশোধনের ক্ষেত্রে সংসদের ক্ষমতার সীমা এবং বিচারবিভাগের ভূমিকাও আরও স্পষ্ট হয়।
পরিবেশ সুরক্ষা ও নাগরিকদের মৌলিক কর্তব্য
৪২তম সংশোধনীর মাধ্যমে সংবিধানে ৪৮এ অনুচ্ছেদ যুক্ত করা হয়। এতে পরিবেশের উন্নয়ন ও সুরক্ষার পাশাপাশি বন ও বন্যপ্রাণী সংরক্ষণের দায়িত্ব রাষ্ট্রের উপর ন্যস্ত করা হয়েছে।
একই সংশোধনীর মাধ্যমে ৫১এ(জি) অনুচ্ছেদ যুক্ত করে প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও উন্নয়নকে নাগরিকদের মৌলিক কর্তব্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
দলবদল রোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ
১৯৮৫ সালের ৫২তম সংশোধনীর মাধ্যমে সংবিধানের দশম তফসিলে দলত্যাগ বিরোধী আইন অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তীতে ২০০৩ সালের ৯১তম সংশোধনীর মাধ্যমে দলত্যাগ বিরোধী বিধান আরও শক্তিশালী করার পাশাপাশি মন্ত্রিসভার সদস্যসংখ্যার ঊর্ধ্বসীমা নির্ধারণ করা হয়।
সব মিলিয়ে, সংবিধানের ১০৬টি সংশোধনীই তুলে ধরে পরিবর্তিত সময়ের সঙ্গে ভারতের শাসনব্যবস্থা, সামাজিক সুরক্ষা ও প্রাতিষ্ঠানিক সম্পর্কের বিবর্তনের ইতিহাস। কোনও সংশোধনী সাংবিধানিক কাঠামোয় সুদূরপ্রসারী পরিবর্তন এনেছে, আবার কোনও সংশোধনী রাজনৈতিক প্রতিনিধিত্ব, প্রশাসন ও জননীতিতে প্রয়োজনভিত্তিক পরিবর্তন ঘটিয়েছে।
সংবিধান সংশোধনের এই দীর্ঘ যাত্রা সংসদের সংশোধনী ক্ষমতা, নাগরিকদের মৌলিক স্বাধীনতা, সাংবিধানিক সুরক্ষা এবং সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত মৌলিক কাঠামোর নীতির মধ্যে ভারসাম্য বজায় রাখার গুরুত্বকেও তুলে ধরে। এই পরিবর্তনশীল চরিত্রই ভারতীয় সংবিধানকে একটি ‘জীবন্ত দলিল’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।