দিল্লি হিংসা মামলা: শারজিল ইমাম ও উমর খালিদের জামিনের আবেদনে দিল্লি পুলিশকে নোটিস সুপ্রিম কোর্টের

Story by  PTI | Posted by  Sudip sharma chowdhury • 7 h ago
দিল্লি হিংসা মামলা: শারজিল ইমাম ও উমর খালিদের জামিনের আবেদনে দিল্লি পুলিশকে নোটিস সুপ্রিম কোর্টের
দিল্লি হিংসা মামলা: শারজিল ইমাম ও উমর খালিদের জামিনের আবেদনে দিল্লি পুলিশকে নোটিস সুপ্রিম কোর্টের
 
নয়াদিল্লি: 
 
উত্তর-পূর্ব দিল্লিতে ২০২০ সালের ফেব্রুয়ারিতে সংঘটিত হিংসার ঘটনায় কথিত বৃহত্তর ষড়যন্ত্র সংক্রান্ত ইউএপিএ মামলায় আপাতত শারজিল ইমাম ও উমর খালিদের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল না সুপ্রিম কোর্ট। দিল্লি হাইকোর্টের জামিন খারিজের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন দুই আন্দোলনকারী।

বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ দিল্লি পুলিশকে নোটিস জারি করে জবাব তলব করেছে।

এদিন শুনানি চলাকালীন উমর খালিদের হয়ে সওয়াল করেন বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল। মূল জামিনের আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী জামিনের আবেদন জানান তিনি। অন্যদিকে, দীর্ঘদিন কারাবন্দি থাকার যুক্তি তুলে ধরে শারজিল ইমামের পক্ষেও একই আবেদন জানান বর্ষীয়ান আইনজীবী সিদ্ধার্থ দাভে।তবে বেঞ্চ জানায়, ‘আজ নয়।’ অন্তর্বর্তী জামিনের আবেদন বিবেচনার আগে দিল্লি পুলিশের বক্তব্য শুনতে চায় শীর্ষ আদালত।

পাশাপাশি, মামলাটি বিবেচনার জন্য তিন বিচারপতির বেঞ্চ গঠনের উদ্দেশ্যে প্রশাসনিক স্তরে প্রধান বিচারপতির কাছে বিষয়টি পেশ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

শীর্ষ আদালতে দায়ের করা আবেদনে শারজিল ও উমরের দাবি, এখনও পর্যন্ত সুরক্ষাপ্রাপ্ত সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ করতে পারেনি প্রসিকিউশন। পাশাপাশি, সুপ্রিম কোর্টের আরোপিত এক বছরের নিষেধাজ্ঞার মেয়াদও প্রায় শেষের পথে। এই যুক্তিতেই জামিন চেয়েছেন তাঁরা।

উল্লেখ্য, ২০১৯ সালের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) বিরোধী আন্দোলনের আবহে ২০২০ সালের ফেব্রুয়ারিতে উত্তর-পূর্ব দিল্লিতে হিংসা ছড়িয়ে পড়ে। ওই সংক্রান্ত মামলায় ২০২০ সালের ২৫ আগস্ট শারজিল ইমামকে এবং ১৩ সেপ্টেম্বর উমর খালিদকে গ্রেপ্তার করা হয়। তারপর থেকেই এই মামলায় কারাবন্দি রয়েছেন তাঁরা।


শেহতীয়া খবৰ