পুলিশ ক্যাম্প থাকতেও গয়েরকাটায় চোরের দৌরাত্ম্য, এবার নিশানায় হনুমান মন্দির পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ
তপন রায়, গয়েরকাটা:
ডুয়ার্সের গয়েরকাটায় একের পর এক চুরির ঘটনায় বাড়ছে আতঙ্ক। বিন্নাগুড়ি পুলিশ আউটপোস্ট এবং গয়েরকাটায় পুলিশ ক্যাম্প থাকা সত্ত্বেও নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকাবাসী। বাড়ি, দোকান ও সরকারি প্রতিষ্ঠানের পর এবার দুষ্কৃতীদের নিশানায় গয়েরকাটার হনুমান মন্দির।
ভোরে মন্দিরের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে দুষ্কৃতীরা। গোটা ঘটনা ধরা পড়েছে মন্দিরের সিসিটিভি ক্যামেরায়। ফুটেজে দেখা যাচ্ছে, মুখ ঢেকে মন্দিরের তালা ভেঙে ভিতরে প্রবেশ করছে এক দুষ্কৃতী। অন্যদিকে, ধারালো ছুরি হাতে মন্দিরের বাইরে দাঁড়িয়ে রয়েছে তার এক সঙ্গী।
মন্দির কমিটির দাবি, দানবাক্স ভেঙে সমস্ত টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। দীর্ঘদিন ধরে দানবাক্স খোলা হয়নি। কমিটির সদস্যদের প্রাথমিক অনুমান, প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকা চুরি গিয়েছে।
এদিকে, পরপর চুরির ঘটনা ঘটলেও দুষ্কৃতীদের ধরতে না পারায় বিন্নাগুড়ি আউটপোস্টের পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। সিসিটিভি ফুটেজে চুরির দৃশ্য ধরা পড়লেও এখনও পর্যন্ত অধরা দুষ্কৃতীরা।
রাজ্যে পালাবদলের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও সাধারণ মানুষের আস্থা ফেরাতে উদ্যোগী হয়েছে নতুন সরকার। সেই আবহে গয়েরকাটায় ধারাবাহিক চুরির ঘটনা স্থানীয় নিরাপত্তাব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে।
পুলিশ ক্যাম্প থাকা সত্ত্বেও যদি মন্দিরের দানবাক্স সুরক্ষিত না থাকে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে গোটা গয়েরকাটায়। দ্রুত দুষ্কৃতীদের গ্রেপ্তার এবং এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি উঠছে।