হরমুজ পেরিয়ে স্বস্তির খবর: শিবালিকের পর ভারতে পৌঁছাল এলপিজি ট্যাঙ্কার ‘নন্দা দেবী’
নয়া দিল্লি
মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির মধ্যেই ভারতের জন্য এল এক স্বস্তির বার্তা। হরমুজ প্রণালী অতিক্রম করে ‘শিবালিক’-এর পর এবার নিরাপদে দেশে পৌঁছাল আরও একটি এলপিজি ট্যাঙ্কার, ‘নন্দা দেবী’। বিপুল পরিমাণ, অর্থাৎ ৪৭ হাজার মেট্রিক টনেরও বেশি এলপিজি নিয়ে জাহাজটি গুজরাটের ওয়াদিনার বন্দরে নোঙর করেছে।
এর আগে ‘শিবালিক’ নামের আরেকটি ট্যাঙ্কার ৪৬ হাজার মেট্রিক টনের বেশি গ্যাস নিয়ে মুন্দ্রা বন্দরে পৌঁছায়। এই পরিমাণ এলপিজি দেশের কোটি কোটি পরিবারের রান্নার জ্বালানির চাহিদা মেটাতে সক্ষম—প্রায় ৩২.৪ মিলিয়ন গৃহস্থালি সিলিন্ডারের সমতুল্য। বিশেষজ্ঞদের মতে, একটি জাহাজই দেশের প্রায় একদিনের এলপিজি আমদানির প্রয়োজন মেটাতে পারে।
সরকারি সূত্রে জানা গেছে, ১৬ ও ১৭ মার্চ এই দুই জাহাজের ভারতে পৌঁছানোর সম্ভাবনা আগেই ছিল। জাহাজ পরিবহন মন্ত্রকের বিশেষ সচিব রাজেশ কুমার সিনহা জানিয়েছেন, পারস্য উপসাগর অঞ্চলে থাকা সমস্ত ভারতীয় নাবিক বর্তমানে নিরাপদে আছেন এবং সাম্প্রতিক সময়ে কোনো অপ্রত্যাশিত ঘটনার খবর মেলেনি।
তিনি আরও জানান, ওই অঞ্চলে ভারতের পতাকাবাহী মোট ২৪টি জাহাজ ছিল, যার মধ্যে ‘শিবালিক’ ও ‘নন্দা দেবী’ ইতিমধ্যেই নিরাপদে হরমুজ প্রণালী পেরিয়ে ভারতের উদ্দেশ্যে যাত্রা সম্পন্ন করেছে।