জন্মবার্ষিকীতে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর, খাদির পণ্য কেনার আহ্বান

Story by  PTI | Posted by  Sudip sharma chowdhury • 14 h ago
জন্মবার্ষিকীতে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর, খাদির পণ্য কেনার আহ্বান
জন্মবার্ষিকীতে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর, খাদির পণ্য কেনার আহ্বান
 
নয়াদিল্লি: 

মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গান্ধীর চিরন্তন বার্তা আরও উন্নত সমাজ ও ‘বিকশিত ভারত’ গঠনের পথে সকলকে অনুপ্রাণিত করবে বলে মন্তব্য করেন তিনি।

মোদি বলেন, সত্য, অহিংসা, সহমর্মিতা ও সেবার আদর্শে গান্ধীর গোটা জীবন আলোকবর্তিকার মতো। তাঁর এই বার্তা যুগের পর যুগ মানবজাতিকে পথ দেখাবে।

এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, দেশের কাছে এই দিনের গুরুত্ব সকলেরই জানা। তাঁর মতে, গান্ধীর আদর্শ গোটা বিশ্বকে অনুপ্রাণিত করেছে। ক্ষমতার বাইরে থেকেও গান্ধী আজও কোটি কোটি মানুষের হৃদয়ে রয়েছেন।মোদি বলেন, আগামী দিনেও মহাত্মা গান্ধীর আদর্শ মানবতাকে পথ দেখাবে ও অনুপ্রাণিত করবে।

স্বদেশি ব্যবহারের উপর গান্ধীর জোরের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই ভাবনায় খাদি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২ অক্টোবর অন্তত একটি খাদি পণ্য কেনার জন্য দেশবাসীর কাছে আবেদন জানান তিনি। তাঁর কথায়, খাদি কিনে গর্বের সঙ্গে ‘স্বদেশি’ বলার অভ্যাস গড়ে তোলা উচিত।

১৮৬৯ সালের ২ অক্টোবর গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেন মহাত্মা গান্ধী। ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি দিল্লিতে তাঁকে হত্যা করা হয়।