সিয়াং জলবিদ্যুৎ প্রকল্পের বিরোধিতায় অশান্তি, বিধায়কের বাড়িতে ভাঙচুর

Story by  PTI | Posted by  Sudip sharma chowdhury • 14 h ago
সিয়াং জলবিদ্যুৎ প্রকল্পের বিরোধিতায় অশান্তি, বিধায়কের বাড়িতে ভাঙচুর
সিয়াং জলবিদ্যুৎ প্রকল্পের বিরোধিতায় অশান্তি, বিধায়কের বাড়িতে ভাঙচুর
 
ইটানগর: 

অরুণাচল প্রদেশের সিয়াং অঞ্চলে প্রস্তাবিত জলবিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ বুধবার হিংসাত্মক রূপ নিল। আপার সিয়াং জেলার ইয়িংকিয়ংয়ে বিক্ষোভকারীরা তুতিং-ইয়িংকিয়ংয়ের বিধায়ক আলো লিবাংয়ের বাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি রাস্তা অবরোধ করেন, পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান এবং সরকারি গাড়ি ক্ষতিগ্রস্ত করেন।

প্রস্তাবিত ১১,০০০ মেগাওয়াটের সিয়াং আপার মাল্টিপারপাস প্রজেক্ট (SUMP)-এর জন্য চলা প্রি-ফিজিবিলিটি রিপোর্ট (PFR) ও সমীক্ষার কাজ অবিলম্বে বন্ধের দাবি জানাচ্ছেন বিক্ষোভকারীরা। প্রকল্পের সম্ভাব্য প্রভাব পড়তে পারে এমন এলাকাগুলি থেকে নিরাপত্তা বাহিনী প্রত্যাহারের দাবিও উঠেছে। ‘No PFR, No Survey’ এবং ‘Go Back CM’ লেখা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর সরকারি কর্মসূচির বিরোধিতা করেন।

বিক্ষোভের জেরে ইয়িংকিয়ং-কমকার-গেকু সড়ক এবং ডিতে ডিমের দিকে যাওয়ার রাস্তা অবরুদ্ধ হয়ে যায়। গ্র্যান্ড সিয়াং হোটেলের বাইরে বিক্ষোভকারীরা অবস্থান নেওয়ায় উপমুখ্যমন্ত্রী চাওনা মেইন, মন্ত্রিসভার সদস্য ওজিং তাসিং ও নিয়াতো দুকাম এবং মুখ্যমন্ত্রীর উপদেষ্টা নিনং এরিং-ও নির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে পারেননি।

সাধারণ ময়দান থেকে লোয়ার মার্কেটের দিকে এগিয়ে যাওয়া একটি মিছিল নিরাপত্তাকর্মীরা আটকে দিলে দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। ডিতে ডিমে সেতুর কাছে একটি পুলিশ গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং বিভিন্ন জায়গায় কয়েকটি সরকারি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন।

এই অশান্তির দু’দিন আগে, ২৮ সেপ্টেম্বর সিয়াং জেলার গেকুতে গ্রামবাসী ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছিল। ওই ঘটনায় চারজনকে সাময়িকভাবে আটক করা হয়েছিল।

প্রকল্পটির বিশাল পরিসর এবং সিয়াং উপত্যকার গ্রাম ও স্থানীয় জনজীবনে এর সম্ভাব্য প্রভাব নিয়ে স্থানীয়দের একাংশের মধ্যে দীর্ঘদিন ধরেই আপত্তি রয়েছে। তাঁদের দাবি, প্রকল্প নিয়ে সিদ্ধান্তের আগে ক্ষতিগ্রস্ত হতে পারে এমন সম্প্রদায়ের সঙ্গে সরাসরি আলোচনা এবং প্রকল্পের প্রভাব সম্পর্কে স্পষ্ট তথ্য দেওয়া প্রয়োজন।

অন্যদিকে, রাজ্য সরকারের বক্তব্য, PFR হল প্রকল্পের প্রাথমিক প্রযুক্তিগত মূল্যায়ন মাত্র; এর অর্থ বাঁধ নির্মাণের অনুমোদন নয়। মুখ্যমন্ত্রী পেমা খান্ডু জানিয়েছেন, প্রযুক্তিগতভাবে প্রকল্পটি কার্যকর না হলে তা এগিয়ে নেওয়া হবে না এবং মানুষের ইচ্ছার বিরুদ্ধে প্রকল্প বাস্তবায়ন করা হবে না। তিনি আরও জানিয়েছেন, ভবিষ্যতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি আলোচনার জন্য সময় দিয়ে গ্রামে গ্রামে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

এদিকে মুখ্যমন্ত্রীর ইয়িংকিয়ং সফরের কর্মসূচিতে বিক্ষোভের প্রভাব পড়লেও আপার সিয়াংয়ের ডেপুটি কমিশনার অশোক তাজো জানিয়েছেন, পেমা খান্ডু নির্ধারিত সরকারি বৈঠক শেষ করেই হেলিকপ্টারে করে জেলা ছেড়েছেন।


শেহতীয়া খবৰ